স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৪ সেপ্টেম্বর: মেলাঘর রুদ্র সাগরে নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে গিয়ে নৌকা ডুবে মৃত্যু হলো মায়া রানী দাস নামে এক মহিলার। ঘটনা রবিবার বিকালের নাগাদ। মৃত মহিলার বাড়ি নলছড় কাঠালিয়া মুড়া এলাকায়। রবিবার ছুটির দিনে পরিবারের সাথে রৌদ্রসাগরে নৌকা বাইচ দেখতে এসেছিলেন। এর মধ্যেই বাধে বিপত্তি।
পরিবারের লোকজনদের চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে দমকল কর্মীদের খবর দেয়। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মহিলাকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক দেবারুন রায় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করার পর মৃত বলে ঘোষণা করেন। কান্নায় ভেঙে পড়ে মৃতার পরিবার। শোকের ছায়া নেমে আসে হাসপাতাল চত্বরে। দমকল কর্মীরা জানান, কিভাবে ঘটনা সংঘটিত হয়েছে তারা এখনো কিছু বলতে পারছে না। তবে তাদের প্রাথমিক ধারণা ছোট নৌকা দিয়ে তারা রৌদ্র সাগরে আনন্দ উপভোগ করার সময় এই ঘটনার সংঘটিত হয়েছে।

