স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৩ সেপ্টেম্বর : ১৬ কোটি টাকা জালিয়াতির ঘটনায় গ্রেপ্তার ইউকো ব্যাঙ্কের আগরতলা শাখার আধিকারিক। অভিযুক্ত মহিলা ব্যাংক আধিকারিকের নাম রামায়নী শ্রীময়ী। ঘটনার বিবরণে জানা যায় সম্প্রতি আগরতলা পুর নিগমের ১৬ কোটি টাকা জালিয়াতির ঘটনা প্রকাশ্যে আসে। অভিযোগ ব্যাঙ্ক থেকে এই টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। পুর নিগমের পক্ষ থেকে পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার তদন্তে পুলিশ একটি বিশেষ দল গঠন করে। পুলিশের বিশেষ দল ঘটনার তদন্তে নেমে এক ব্যাঙ্ক কর্মীকে গ্রেপ্তার করে। ধৃত মহিলা ইউকো ব্যাঙ্ক আগরতলা শাখায় কর্মরত ছিলেন। ধৃত মহিলার নাম রামায়নী শ্রীময়ি। তার বাড়ি আসামের নোয়াগাও। ধৃত মহিলার সাথে অপর কোন ব্যাঙ্ক কর্মী যুক্ত রয়েছে কিনা তদন্ত করে দেখছে পুলিশ। এমনটা জানান পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব নাথ। তদন্তের স্বার্থে পুলিশ আধিকারিক তেমন কিছু বলতে চাননি এদিন। বর্তমানে পশ্চিম মহিলা থানায় রাখা হয়েছে মহিলা ব্যাংক আধিকারিককে।

