স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৪ সেপ্টেম্বর :হাতেগোনা আর মাত্র কয়েক দিন। তারপরেই সার্বজনীন দুর্গাপূজা। ইতিমধ্যে সমস্ত ক্লাবের মন্ডপ তৈরি কাজ শুরু হয়ে গেছে। প্রশাসনিক নিয়ম কানুনের উপর কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে সে বিষয়ে এখন পর্যন্ত কোনরকম তদারকি হয়নি। বৃহস্পতিবার আগরতলা শহরের বিভিন্ন ক্লাবের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন পশ্চিম জেলার জেলা শাসক ডাঃ বিশাল কুমার।
সাথে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। এক সাক্ষাৎকারে পশ্চিম জেলার জেলা শাসক ডাক্তার বিশাল কুমার জানান সামনে দুর্গা পূজা। বিভিন্ন ক্লাব গুলি পূজার প্রস্তুতি শুরু করে দিয়েছে। পূজা যেন শান্তিপূর্ণ ভাবে হয় তার জন্য এইদিন বিভিন্ন ক্লাবের প্রতিনিধিদের সাথে আলোচনা করা হয়েছে। প্রশাসনিক নিয়ম নিতি নিয়ে ক্লাবের প্রতিনিধিদের এইদিন অবগত করা হয়েছে।
জেলা শাসক এইদিন পুজো উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান পূজা মণ্ডপ কিংবা গেইট যেন কোন ভাবে মূল সড়কে চলে না আসে সেই দিকে নজর রাখার জন্য। পূজার মণ্ডপ এই বছর ৪০ ফুট উচ্চতার মধ্যে রাখার জন্য ক্লাব গুলির প্রতি আহ্বান জানান। তিনি আরও জানান কোন ক্লাব নিয়ম নিতি না মানলে প্রয়োজনে পূজা বন্ধ করে দেওয়া হবে। তবে বিভিন্ন বছর দেখা গেছে প্রশাসনিক নিয়মকে তোয়াক্কা না করে পূজো মণ্ডপ গড়ে উঠেছে। পরবর্তী সময়ে প্রশাসনের পক্ষ থেকে পুজো কমিটির সাথে বিষয়টি নিয়ে আলোচনায় যেতে হয়। এ বছর পূজার কমিটি গুলি কতটা সচেতন থাকবে সেটাই এখন দেখার বিষয়।

