বাড়িরাজ্যরাস্তা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করলো বাম যুব সংগঠন

রাস্তা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করলো বাম যুব সংগঠন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ সেপ্টেম্বর : কৈলাসহরের পুরনো ডাকবাংলো থেকে রাঙ্গাউটি পর্যন্ত প্রায় আট কিলোমিটার রাস্তাটি অবিলম্বে সংস্কারের দাবিতে আন্দোলনে নামলো বামপন্থী ছাত্র যুব সংগঠন। সোমবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত লক্ষীপুর গ্রামে দুই ঘণ্টার প্রতীকী রাস্তা অবরোধ কর্মসূচি পালন করে ডি ওয়াই এফ আই কৈলাসহর শহর উত্তরাঞ্চল কমিটি।

 আন্দোলনের নেতৃত্ব দেন যুবনেতা পলাশ চৌধুরী, সৈইফ উদ্দিন সহ অন্যান্যরা। আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে আছে। প্রতিদিন ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। অথচ এই রাস্তাটিই শহরের উত্তরাঞ্চল এলাকায় যাতায়াতের একমাত্র পথ।

 প্রতিদিন প্রায় ২০ হাজার মানুষ এই রাস্তাটি ব্যবহার করে থাকেন। যুবনেতা পলাশ চৌধুরী জানান, ২০২১ সালে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় প্রায় সাত কোটি টাকা ব্যয়ে রাস্তার কাজ শুরু হয়েছিল। ২০২৩ সালে কাজ সম্পন্ন হলেও শুরু থেকেই তাতে ব্যাপক দুর্নীতি হয়। এর ফলেই এক বছরের মধ্যেই রাস্তা নষ্ট হয়ে যায়। তিনি আরও অভিযোগ করেন, কাজ সম্পূর্ণ হলেও বরাদপ্রাপ্ত ঠিকাদার তদারকির দায়িত্বে রয়েছেন পাঁচ বছর, কিন্তু তিনি সম্পূর্ণ উদাসীন। অভিযোগ উঠেছে, বিভিন্ন সময়ে বিজেপি, কংগ্রেস ও অন্যান্য সামাজিক সংগঠনের পক্ষ থেকেও এই রাস্তায় সংস্কারের দাবিতে আন্দোলন হলেও প্রশাসন ও ঠিকাদার কোনো পদক্ষেপ নেয়নি। ফলে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। বাম যুব নেতারা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, অবিলম্বে রাস্তা সংস্কারের কাজ শুরু না হলে আসন্ন দুর্গাপূজার আগে কৈলাসহরে মহকুমা শাসকের দপ্তর ঘেরাও সহ শহর উত্তরাঞ্চলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য