স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ আগস্ট : সদ্য সমাপ্ত পার্লামেন্ট অধিবেশনে বিরোধীদের বাধা সত্বেও সংসদে বেশির ভাগ বিল পাস করিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলন করে এমনটা দাবি করেন সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি বলেন, বিরোধীদের কাছে কোন ইস্যু নেই। তাই তারা সংসদে এসআইআর নিয়ে আলোচনা করতে চাইছে। এস আই আর নির্বাচন কমিশনের বিষয়।
অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা করতে চেয়েছিল বিরোধীরা। কিন্তু অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা করতে গিয়ে বিরোধীদের অবস্থা লেজে গোবরে হয়ে গেছে। তখনই তারা এসআইআর নিয়ে আলোচনার দাবি উত্থাপন করে সংসদে। যারা জেগে ঘুমায় তাদেরকে কখনো জাগানো যায় না। রাহুল গান্ধী সহ কংগ্রেস সাংসদদের হাইব্রিড বলেও কটাক্ষ করেন সাংসদ বিপ্লব কুমার দেব। কমিউনিস্টদেরও সমালোচনা করেন সাংসদ বিপ্লব কুমার দেব। সমগ্র দেশের স্মার্ট মিটারের জন্য ভারত সরকার ২.৮২ লক্ষ কোটি টাকা মঞ্জুর করেছে। ত্রিপুরা রাজ্যকে স্মার্ট মিটারের জন্য ৩১৯ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে বলে জানান সংসদ বিপ্লব কুমার দেব। পাশাপাশি তিনি বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প ও তার সুবিধার বিষয়ে সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসুস্থ রোগীদের আর্থিক সাহায্য প্রদান করা হয়।
গত এক বছরে ত্রিপুরা রাজ্যের পাঁচজন রোগীকে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে বলে জানান সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি আরো জানান সদ্য সমাপ্ত লোকসভার অধিবেশনে রাজ্যের ছাত্র-সংশ্লিষ্ট একাধিক বিষয়ে তিনি উত্থাপন করেছেন। তথ্য তুলে ধরে সাংসদ বিপ্লব কুমার দেব দাবি করেন রাজ্যে বর্তমান সরকার প্রতিষ্ঠার পর থেকে ত্রিপুরা রাজ্য উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। যখনই ওনার সামনে সুযোগ আসে তিনি ত্রিপুরার উন্নয়নের জন্য সেই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করেন। তিনি নিজের জন্য কিছু চান না। তিনি ত্রিপুরা রাজ্যের উন্নয়নের জন্য কাজ করে যেতে চান।

