স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ আগস্ট : বিএসএফের বিরুদ্ধে প্রকাশ্যে গুন্ডাগিরির অভিযোগ। শনিবার দুপুর তিনটা নাগাদ উদয়পুর মহাকুমার রাধাকিশোরপুর থানাধীন বাগমা বিএসএফ ক্যাম্পের কর্মরত বিএসএফ জওয়ানরা গাড়ি নিয়ে যাবার পথে মালুমুড়া এলাকায় বাড়ির সামনে দাঁড় করানো একটি গাড়িতে সজোরে ধাক্কা দেয়। ঘটনার পর গাড়ির মালিক বিএসএফ কর্মীদের এই ঘটনা জিজ্ঞেসা করতেই বিএসএফ জওয়ানরা গাড়ি থেকে নেমে সংঘবদ্ধভাবে হামলা চালায় গাড়ির মালিক লিটন শীলকে।
এই ঘটনা দেখতে পেয়ে পরিবারের লোকজন এগিয়ে আসলে মহিলাদের উপর আক্রমণ করে বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে ব্যাপক উত্তেজনা ছড়ায় পার্শ্ববর্তী লোকজনদের মধ্যে। গ্রামবাসীরা ঘটনাস্থলে ছুটে আসলে বিএসএফ জওয়ানরা হুমকি-ধমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তী সময় স্থানীয় লোকজন তিনজনকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা নেওয়ার পর রবিবার বাগমা পুলিশ ফাঁড়ি থানায় বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন গৃহবধূ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন।

