স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ আগস্ট : রবিবার মুক্তধারা অডিটরিয়ামে কৃষি বিভাগীয় রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ ত্রিপুরা প্রদেশের প্রথম ত্রি-বার্ষিকী রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, বিধায়ক সুশান্ত দেব সহ অন্যান্যরা। সম্মেলনের বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুশান্ত দেব বলেন, দীর্ঘ ২৫ বছর রাজ্যের মানুষকে হয়রানি করার সংস্কৃতি ছিল। এক টেবিল থেকে অন্য টেবিলে মানুষকে বিভ্রান্ত করা। এগুলি মানুষ উপলব্ধি করেছে।
২০১৮ সালে সেই সংস্কৃতি থেকে বের হয়ে এসেছে রাজ্যবাসী। বর্তমানে পজেটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে সরকার। কিন্তু তারপরেও কিছু কিছু কর্মচারী এখনো সরকারকে বদনাম করার চেষ্টা করছে। সরকারি কাজকর্ম জনগণের কাছে যাতে সুচারু ভাবে না পৌঁছে এর চেষ্টা করছে। কোনভাবেই তারা সফলতা পাবে না। এ ধরনের কার্যকলাপে তারা যেন সফল না হতে পারে সেদিকে নজর রাখার জন্য রাষ্ট্রবাদী সংগঠনকে নির্দেশ দেন তিনি। তিনি আর বলেন, কৃষি হল অন্যতম গুরুত্বপূর্ণ একটি দপ্তর। সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সুযোগ সুবিধা করছে দিতে চেয়েছে সরকার। সেটা বাস্তবায়ন করতে পারে একমাত্র কর্মচারীরাই। এদিন গোটা বক্তব্যের মধ্য দিয়ে বিধায়ক কর্মচারীদের পজেটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার জন্য আহ্বান জানান।

