স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ আগস্ট : শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে ৪১ তম এডিসি দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। তিনি বলেন, ১৯৮৪ সালের ২৩ আগস্ট ভারতের সংবিধানের ৪৯ তম সংশোধনী পাস করার মধ্য দিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী গঠন করেছিলেন ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ। যা ভারতের ত্রিপুরা রাজ্যের উপজাতি অধ্যুষিত অঞ্চলগুলিকে পরিচালনা করে। এটি ভারতীয় সংবিধানের ষষ্ঠ তফসিলের অধীনে একটি সাংবিধানিক সংস্থা।
শনিবার ৪১ তম ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ দিবস উদযাপন উপলক্ষে কংগ্রেস ভবনে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। তিনি আরো বলেন, রাজ্যে আদিবাসীদের উন্নয়নে একমাত্র কংগ্রেসে দলই কাজ করছে। বর্তমান এডিসি প্রশাসন ও অন্যান্য রাজনৈতিক দল কেউই উপজাতিদের উন্নয়নে কোন সময় কিছু করেনি। বিজেপি সরকার রাজ্যে গঠিত হওয়ার পর থেকে ১১ বছরেও এডিসির হাতে অধিক ক্ষমতা প্রদান প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি, বরং এই বিষয় নিয়ে রাজনীতি করে চলেছে তারা।
আদিবাসী অধিকার নিয়ে ছিনিমিনি খেলা বিজেপির পরম্পরা। দিল্লি থেকে ফিরে আদিবাসী উন্নয়ন মন্ত্রী বিকাশ দেববর্মার বক্তব্যের তীব্র কটাক্ষ করেন আশিস কুমার সাহা। তিনি বলেন মন্ত্রী বিকাশ দেববর্মার বক্তব্যে বুঝা যাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে আরেকটি নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য আদিবাসীদের ইস্যু করার চেষ্টা চলছে। আদিবাসীদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা বিজেপি দলের পুরনো কৌশল। দেশের ১২ কোটি আদিবাসী মানুষের মানুষ এটা প্রত্যক্ষ করছে বলে জানান তিনি। প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা ছাড়াও উপস্থিত ছিলেন আদিবাসী কংগ্রেসের চেয়ারম্যান শব্দকুমার জমাতিয়া সহ অন্যান্য।

