স্যন্দন ডিজিটেল ডেস্ক,১২ জুলাই: নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পাশাপাশি ফিফা বিবৃতিতে জানায়, জিম্বাবুয়ের অ্যাসোসিয়েশনের পরবর্তী নির্বাচন পর্যন্ত কাজ চালিয়ে নেওয়ার জন্য একটি ‘নিয়মমাফিককরণ কমিটি’ নিয়োগ দেওয়া হয়েছে। কমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন স্থানীয় প্রশাসক লিঙ্কন মুতাসা।ফুটবল অ্যাসোসিয়েশনে সরকারের হস্তক্ষেপের জের ধরে গত বছরের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়েকে নিষিদ্ধ করেছিল ফিফা। ২০২১ সালের নভেম্বরে জিম্বাবুয়ের অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটিকে বিলুপ্ত করে দিয়েছিল দেশটির সরকার নিয়ন্ত্রিত সংস্থা ‘স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন কমিশন।’ ২০১৯ সালের আফ্রিকান কাপ অব নেশন্সে অংশগ্রহণের জন্য সরকার থেকে যে অর্থ অ্যাসোসিয়েশনকে দেওয়া হয়েছিল, সেটির যথাযথ ব্যবহার না করায় অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু সদস্য দেশগুলির ফেডারেশনে কোনো রকম সরকারি হস্তক্ষেপ মেনে নেয় না ফিফা।২০২২ বিশ্বকাপর বাছাইয়ে অংশ নিয়েছিল জিম্বাবুয়ে। কিন্তু ২০২৩ আফ্রিকান কাপ অব নেশন্সের প্রাথমিক পর্যায়ে তাদেরকে অংশ নিতে দেওয়া হয়নি।এখন নিষেধাজ্ঞা তুলে নিয়ে ‘নিয়মমাফিককরণ কমিটি’ নিয়োগের মাধ্যমে জিম্বাবুয়ের ফুটবলে স্বাভাবিকতা ফেরার কার্যক্রম শুরু হলো। প্রতিদিনের নিয়মিত কার্যক্রমের বাইরে এই কমিটির কাজ হবে ফিফার বিধি ও চাহিদা অনুযায়ী জিম্বাবুয়ের অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র ও নির্বাচনী বিধি পর্যালোচনা করা, যাতে অ্যাসোসিয়েশনের কংগ্রেসে তা গ্রহণযোগ্য হয়।নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় এখন ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ড্রয়ে নাম থাকবে জিম্বাবুয়ের। কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের কংগ্রেসে এই ড্র অনুষ্ঠিত হবে। আবিদজানে এই কংগ্রেস শুরু বৃহস্পতিবার।বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ডের খেলা হবে নভেম্বরে।

