স্যন্দন ডিজিটাল ডেস্ক ৫ অক্টোবর : ব্রাজিলের কাছে ০-৪ গোলে হারলেও ম্যাচের সবটা যে একতরফা ছিল, তা বলা যাবে না। ভারতীয় দলের লড়াইকে ‘বাহবা’ দিয়েছেন সকলেই। ব্রাজিল কোচ কার্লো আন্সেলোত্তিও প্রশংসা করেছেন। এবার সামনে উরুগুয়ে। প্রস্তুতির জন্য হাতে কার্যত সময় নেই। দু’বারের বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে ভালো ফল করতে মরিয়া ব্লু টাইগার্স। মঙ্গলবারের মাহেন্দ্রক্ষণের আগে ভারতের কোচ খালিদ জামিলের বার্তা, ব্রাজিল ম্যাচ অতীত। এখন সমস্ত মনোযোগ উরুগুয়ের দিকে।
সোমবার সাংবাদিক সম্মেলনে ব্রাজিল ম্যাচের পর দলের মানসিক অবস্থা নিয়ে খালিদ বললেন, “আমরা শেষ ম্যাচের ফল নিয়ে বসে থাকতে পারি না। সামনে খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। আমাদের প্রস্তুতি নিতে হবে এবং নিজেদের সেরাটা দিতে হবে।” ব্রাজিলের বিরুদ্ধে হারের অন্যতম কারণ হিসাবে মনঃসংযোগের অভাবকে চিহ্নিত করেছেন ভারতীয় কোচ। উরুগুয়ের বিরুদ্ধে শুরু থেকেই সতর্ক থাকতে চান তিনি। খালিদের কথায়, “শেষ ম্যাচে আমাদের মনঃসংযোগের অভাব ছিল। এই ম্যাচে প্রথম মিনিট থেকে শেষ পর্যন্ত মনঃসংযোগ রাখতে হবে। ভালো ফল করতে হলে সেই বিশ্বাসটাও থাকতে হবে।”
তিন দিনের মধ্যে ম্যাচ। তাতে অবশ্য দলের প্রস্তুতিতে খুব বেশি সমস্যা দেখছেন না খালিদ। তিনি জানান, আধুনিক ফুটবলে খেলোয়াড়েরা এখন নিজেদের শরীর সম্পর্কে অনেক বেশি সচেতন। তিনি বলেন, “দু’দিনের ব্যবধানেও খেলতে আমাদের সমস্যা নেই। এখনকার ফুটবলাররা জানে কীভাবে রিকভারি করতে হয়। ওরা অনেক বেশি পরিণত, অনেক বেশি অভিজ্ঞ,” বলেন তিনি। বিপক্ষ দলে রয়েছেন দুর্দান্ত সব ফুটবলার। শুধু আক্রমণ নয়, রক্ষণেও যথেষ্ট শক্তিশালী দল উরুগুয়ে। তাই সামান্য ভুলও বড় বিপদ ডেকে আনতে পারে। সাবধানী ভারতীয় কোচ বলেন, “আমাদের খুব সাবধানে খেলতে হবে। প্রথম দিকে গোল খাওয়া যাবে না। একটা ভুলও আমাদের খুব বড় ক্ষতি করতে পারে। এই ম্যাচকে কোনও ভাবেই হালকা ভাবে নেওয়া যাবে না।” কিংবদন্তি উরুগুয়ে কোচ দিয়েগো ফোরলান সম্পর্কেও যথেষ্ট শ্রদ্ধাশীল খালিদ। প্রতিপক্ষ কোচ ভারতীয় ফুটবল নিয়ে ওয়াকিবহাল। খালিদের কথায়, “ওরা ভালো দল। মানসম্পন্ন ফুটবলার রয়েছে। ওদের কোচও অন্যতম সেরা। সব দিক থেকেই আমাদের সতর্ক থাকতে হবে।”
দলের চোট পরিস্থিতিও আপাতত স্বস্তিদায়ক। খালিদ জানিয়েছেন, “সকলে ভালো আছে। কোনও চোট নেই। সবাই খেলার জন্য প্রস্তুত।” উরুগুয়ের কয়েক জন গুরুত্বপূর্ণ ফুটবলারের চোটকে বাড়তি সুবিধা হিসাবে দেখছেন না ভারতীয় কোচ। তাঁর বক্তব্য, কারা খেলবে, সেটা পরিস্থিতি বুঝেই ঠিক করা হবে। ব্রাজিলের বিরুদ্ধে পরিবর্ত ফুটবলারদের পারফরম্যান্স নিয়েও প্রশ্ন উঠেছিল। উরুগুয়ের বিরুদ্ধে প্রথম একাদশে সেরা ছন্দে থাকা ফুটবলারদেরই সুযোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন খালিদ। “আজকের অনুশীলনটা গুরুত্বপূর্ণ। যারা সবচেয়ে ভালো, যাদের সবচেয়ে ধারালো দেখাবে, তাদের দিয়েই শুরু করার কথা ভাবব। তবে প্রত্যেক ফুটবলারকেই দায়িত্ব নিতে হবে,” বলেছেন তিনি।
উরুগুয়ের বিরুদ্ধে পরিস্থিতি অনুযায়ী কৌশল বদলানোর কথাও জানিয়েছেন খালিদ। তিনি বলেন, “পরিস্থিতি অনুযায়ী আমাদের খেলতে হবে। ডিফেন্স করার সময় ডিফেন্স করব। আক্রমণের সময় আক্রমণ। ম্যাচের পরিস্থিতি বুঝেই সিদ্ধান্ত নিতে হবে।” তবে ব্রাজিল ম্যাচের সমস্ত কৃতিত্ব ফুটবলারদের দিয়ে খালিদের মন্তব্য, “আমি শুধু তথ্য দিই। সিদ্ধান্ত নেয় ওরাই। আমাদের দলে আক্রমণাত্মক ফুটবলার রয়েছে বলেই আমরা সে ভাবে খেলতে পারছি।” এই সিরিজে শুধু ফল নয়, ভবিষ্যতের দল গড়ার দিকেও নজর রয়েছে ভারতীয় কোচের। খালিদ মনে করেন, ভালো ফল আত্মবিশ্বাস বাড়াবে, আবার একই সঙ্গে নতুন দল ও নতুন খেলার ধরনও তৈরি করতে হবে। “দু’টোই গুরুত্বপূর্ণ। ভালো ফল দরকার। কারণ তাতে আত্মবিশ্বাস বাড়বে। পাশাপাশি আমাদের একটি শক্তিশালী দলও তৈরি করতে হবে। ভবিষ্যতের কথাও মাথায় রাখতে হবে।”
ব্রাজিলের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে প্রশংসা কুড়িয়েছেন ফুটবলারেরা। হারলেও বিশ্বের অন্যতম সেরা দলের বিরুদ্ধে নিজেদের সামর্থ্যের পরিচয় দিয়েছে ভারত। সেই আত্মবিশ্বাস নিয়েই উরুগুয়ের বিরুদ্ধে নামতে চান দলের ফুটবলার আকাশ মিশ্র। তাঁর মন্তব্য, “আমরা কেবল ব্রাজিলের জন্য প্রস্তুত হয়ে আসিনি। সব দলের ক্ষমতা সম্পর্কে আমরা জানি। তিনটি ম্যাচেই নিজেদের সেরাটা দিতে হবে। দু’টি ম্যাচ হয়ে গিয়েছে। আর একটি বাকি। সেটাও খুব ভালো ভাবে শেষ করতে চাই। মাঠের ভিতরে ১১ বনাম ১১। আমরা জানি ওরা কতটা ভালো দল। কিন্তু আমাদের নিজেদের খেলায় মন দিতে হবে।” তিনি আরও বলেন, “আপনি যতই অনুশীলন করুন, ম্যাচ টাইমের বিকল্প হয় না। যত বেশি ম্যাচ খেলব, তত বেশি সাহায্য হবে ফুটবলারদের।” তবে জাতীয় শিবিরও যে দলের জন্য গুরুত্বপূর্ণ, তা মেনে নিয়েছেন আকাশ, “প্রত্যেক ক্লাবেরই আলাদা ফর্মেশন ও আলাদা কৌশল থাকে। আমরা যত বেশি সময় একসঙ্গে থাকব, নিজেদের কৌশল তত ভালো ভাবে তৈরি করতে পারব। তাই জাতীয় দলের শিবির যত বড় হবে, ততই ভালো।”
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান