স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ অক্টোবর : উমাকান্ত ময়দানে গত ৪ঠা অক্টোবর, রবিবার অনুষ্ঠিত এগিয়ে চলো সংঘ এবং ব্লাড মাউথ ক্লাবের মধ্যকার ফুটবল খেলায় ম্যাচ রেফারিকে দৈহিক নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে কড়া অবস্থান নিল ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন। সোমবার লিগ কমিটির এক জরুরী সভা আহ্বান করা হয়, যেখানে ম্যাচের রেফারির জমা দেওয়া রিপোর্ট এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও সংবাদের ভিত্তিতে বিস্তারিত আলোচনা করা হয়। পর্যালোচনার পর লিগ কমিটি সর্বসম্মতিক্রমে অপরাধীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।
সংস্থার গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, রেফারিকে শারীরিক হেনস্থার সাথে সরাসরি যুক্ত থাকার অভিযোগে ব্লাড মাউথ ক্লাবের চারজন খেলোয়াড়— পারভেজ ভূঁইয়া, বুদ্ধ দেববর্মা, পি. এল. সিংহ, ও বয়ার জমাতিয়া— এবং দলের টিম ম্যানেজার দেবজিৎ দত্তকে কারণ দর্শানোর নোটিশ (শো-কজ) পাঠাচ্ছে টিএফএ। কেন তাঁদের বিরুদ্ধে কঠোরতম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানিয়ে আগামী ৭ দিনের মধ্যে লিখিত ও সন্তোষজনক জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি টিএফএ-র লিগ রুলসের ১৫ নম্বর ধারা তুলে ধরে জানানো হয়েছে যে, মাঠের ভেতরে খেলোয়াড় বা সমর্থকদের অনভিপ্রেত ও বিশৃঙ্খল আচরণের দায় ক্লাব কোনোভাবেই এড়াতে পারে না। ফলে ব্লাড মাউথ ক্লাব কর্তৃপক্ষকেও কেন শাস্তির আওতায় আনা হবে না, তা স্পষ্ট করে ৭ দিনের মধ্যে সন্তোষজনক উত্তর জমা দিতে বলা হয়েছে।
অন্যদিকে, রেফারির লিখিত বিবরণ অনুযায়ী ব্লাড মাউথ ক্লাব ওইদিন মাঠ ছেড়ে খেলা চালিয়ে যেতে অস্বীকার করে। এই প্রেক্ষিতে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের লিগ বিধির ১৪ নম্বর ধারা অনুযায়ী ৪ঠা অক্টোবরের খেলায় প্রতিপক্ষ এগিয়ে চলো সংঘকে ২-০ গোলে জয়ী ঘোষণা করা হয়েছে এবং তাদের পূর্ণ ৩ পয়েন্ট প্রদান করা হয়েছে। একইসঙ্গে পরবর্তী ম্যাচেও ব্লাড মাউথ ক্লাবকে খেলতে দেওয়া হবে না। ফলে নিয়মানুযায়ী তাদের পরবর্তী প্রতিপক্ষ লাল বাহাদুর ব্যায়ামাগার ক্লাবকেও ২-০ গোলে জয়ী ধরে নিয়ে ৩ পয়েন্ট দেওয়া হবে বলে প্রেস বিবৃতিতে নিশ্চিত করেছেন টিএফএ সচিব অমিত চৌধুরী।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান