কলকাতা, ২৬ জুন (হি.স.): ফিলাডেলফিয়ায় বৃহস্পতিবার রাতে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে কুরাসওকে ২-০ গোলে হারায় আইভরি কোস্ট। জোড়া গোলে দলের জয়ের নায়ক নিকোলাস পেপে।
তিন ম্যাচে দুই জয় ও এক হারে ৬ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের রানার্সআপ হয়ে পরের রাউন্ডে গেল আইভরি কোস্ট। এই প্রথম বিশ্বকাপে নকআউট পর্বে উঠল তারা। এর আগে ২০০৬ থেকে ২০১৪ পর্যন্ত তিনটি আসরে খেলেছে তারা।
গ্রুপে অন্য ম্যাচে ইকুয়েডরের কাছে ২-১ গোলে হেরে যাওয়া জার্মানিরও পয়েন্ট ৬। তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকার সুবাদে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে নাগেলসমানের দল। সেরা আটটি তৃতীয় দলের একটি হিসেবে পরের ধাপে গেছে ৪ পয়েন্ট পাওয়া ইকুয়েডরও।
তবে এদিন আইভরি কোস্টকে চমকে দিতে চেয়েছিল কুরাসাও, কিন্তু চমকে দিতে পারেনি তারা। ইকুয়েডর ম্যাচে ১৫টি সেভ করা ইলয় রুমও পারলেন না গোল পোস্টে রুখে দাঁড়াতে। ভালো খেলল না আইভরি কোস্টও। দুটি সুযোগ কাজে লাগিয়ে, ইতিহাস গড়ে তারা উঠে গেল উত্তর আমেরিকা বিশ্বকাপের নকআউট পর্বে। পথচলা থামল বিশ্বকাপের নবাগত কুরাসাওয়ের।

