Sunday, November 29, 2026
বাড়ি জাতীয় যুদ্ধের ধরন বদলেছে, বুদ্ধিমত্তায় দেশকে এগিয়ে নেওয়ার বার্তা প্রতিরক্ষামন্ত্রীর

যুদ্ধের ধরন বদলেছে, বুদ্ধিমত্তায় দেশকে এগিয়ে নেওয়ার বার্তা প্রতিরক্ষামন্ত্রীর

যুদ্ধের ধরন বদলেছে, বুদ্ধিমত্তায় দেশকে এগিয়ে নেওয়ার বার্তা প্রতিরক্ষামন্ত্রীর

পুণে, ২৯ নভেম্বর (হি.স.): বর্তমান বিশ্বে যুদ্ধের ধরন ও চরিত্র আমূল বদলে গিয়েছে বলে মন্তব্য করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রবিবার পুণের খড়কওয়াসলায় অবস্থিত ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির (এনডিএ) ১৫১-তম কোর্সের পাসিং আউট প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন ক্যাডেটদের উদ্দেশে এই বার্তা দেন তিনি। ক্ষেত্রপাল প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

নবীন সামরিক আধিকারিকদের উদ্দেশে প্রতিরক্ষামন্ত্রী বলেন, বিশ্ব এখন অত্যন্ত দ্রুত গতিতে পরিবর্তিত হচ্ছে। শক্তির ভরকেন্দ্র এবং ভূ-রাজনৈতিক সমীকরণ বদলের পাশাপাশি প্রযুক্তিরও ব্যাপক উন্নতি ঘটেছে। আজকের যুদ্ধ আর কেবল স্থল, জল বা আকাশপথে সীমাবদ্ধ নেই; সাইবার, মহাকাশ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মতো নতুন ক্ষেত্রগুলিতেও যুদ্ধ লড়া হচ্ছে। পরিবর্তিত বিশ্ব ও নতুন চ্যালেঞ্জের সঙ্গে তাল মিলিয়ে এনডিএ-র পাঠ্যক্রম এবং প্রশিক্ষণ পদ্ধতিকে প্রতিনিয়ত আধুনিক করা হচ্ছে বলে তিনি সন্তোষ প্রকাশ করেন। তাঁর কথায়, এখন যে প্রযুক্তি কার্যকর, আগামীকাল তা পুরনো হয়ে যাবে; তাই শেখার প্রক্রিয়াটি আজীবন চালিয়ে যেতে হবে।

দেশের ভবিষ্যতের প্রস্তুতি প্রসঙ্গে রাজনাথ সিং বলেন, ভারত বর্তমানে তরুণ দেশ হলেও জনসংখ্যা বৃদ্ধির হার ক্রমশ কমছে। আগামী এক-দুই দশক পর ভারতের এই তারুণ্য কমতে শুরু করবে। উন্নত দেশগুলি যেভাবে মানবশ্রমের ওপর নির্ভরতা কমিয়ে যন্ত্রশক্তি ও প্রযুক্তিকে মূল শক্তিতে পরিণত করেছে, ভারতকেও এখন থেকেই সেই প্রস্তুতি নিতে হবে। এই দায়িত্ব সুশৃঙ্খল ও সক্ষম তরুণ প্রজন্মের ওপরই বর্তায় বলে উল্লেখ করে তিনি বুদ্ধিমত্তা ও মানবিক প্রচেষ্টার সমন্বয়ে ভারতকে বিশ্বের দরবারে শীর্ষস্থানে নিয়ে যাওয়ার আহ্বান জানান।

এদিন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নয়, বরং একজন অভিভাবক হিসেবে ক্যাডেটদের শুভেচ্ছা জানান রাজনাথ সিং। তিনি স্মরণ করিয়ে দেন, তাঁদের গায়ে থাকা এই উর্দি গভীর দায়িত্ববোধের প্রতীক এবং তাঁদের মধ্য থেকেই ভবিষ্যতে দেশের সেনাপ্রধান, নৌসেনা প্রধান, বায়ুসেনা প্রধান কিংবা চিফ অফ ডিফেন্স স্টাফ উঠে আসবেন। পাশাপাশি, স্বাধীনতা সংগ্রামী ও অসংখ্য বীর যোদ্ধাদের আত্মত্যাগের মহান ঐতিহ্য বহন করে দেশের সার্বভৌমত্ব ও গৌরব অক্ষুণ্ণ রাখার শপথ নেওয়ার পরামর্শ দেন প্রতিরক্ষামন্ত্রী।

 

 

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha