Saturday, November 28, 2026
বাড়ি বিশ্ব সংবাদ ইরানের দাবি, হরমুজ প্রণালীতে ‘নিষেধাজ্ঞা লঙ্ঘনকারী’ দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ

ইরানের দাবি, হরমুজ প্রণালীতে ‘নিষেধাজ্ঞা লঙ্ঘনকারী’ দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ

ইরানের দাবি, হরমুজ প্রণালীতে ‘নিষেধাজ্ঞা লঙ্ঘনকারী’ দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।২৮ নভেম্বর :  ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী শনিবার দাবি করেছে, হরমুজ প্রণালীতে ‘নিষেধাজ্ঞা লঙ্ঘনকারী’ দুটি তেলবাহী জাহাজ সামুদ্রিক মাইনে ধাক্কা খেয়ে বিস্ফোরিত হয়েছে এবং আগুন ধরে যায়। শনিবার দিনের প্রথম ভাগে এই ঘটনা ঘটে বলে জানানো হয়েছে।

আইআরজিসির সরকারি সংবাদমাধ্যম সেপাহ নিউজে প্রকাশিত বিবৃতিতে নৌবাহিনী জানায়, একটি জাহাজ ওমানের খাসাব বন্দরের কাছে মাইনে ধাক্কা খায়। অন্য জাহাজটি হরমুজ প্রণালীর পূর্বদিকে ‘অনুমোদনহীন’ পথে চলার সময় মাইনে আঘাতপ্রাপ্ত হয়।

বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, জাহাজ দুটি তাদের জিপিএস ব্যবস্থা বন্ধ করে দিয়ে গোপনে প্রণালীর ‘অবৈধ’ পথে প্রবেশের চেষ্টা করেছিল।

নৌবাহিনী সতর্ক করে জানিয়েছে, জলপথের ‘অনুমোদনহীন’ রুট সম্পূর্ণভাবে মাইন পেতে রাখা হয়েছে। তেলবাহী জাহাজগুলির এই পথে চলাচলের চেষ্টা কিংবা ‘সন্ত্রাসবাদী’ মার্কিন সামরিক বাহিনীর আকাশপথে সহায়তা, কোনও কিছুই ‘অত্যন্ত বিধ্বংসী’ মাইনের সঙ্গে সংঘর্ষ এড়াতে পারবে না বলে দাবি করেছে তারা। খবর সিনহুয়া সংবাদ সংস্থার।

এদিকে, ইরানের নৌ অবরোধ ভেঙে বেরিয়ে যাওয়ার চেষ্টা করার অভিযোগে ওমান উপসাগরে একটি বাণিজ্যিক জাহাজকে অক্ষম করে দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। একাধিকবার সতর্ক করা সত্ত্বেও জাহাজটি অবরোধ অতিক্রমের চেষ্টা করেছিল বলে অভিযোগ। অন্যদিকে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ রাখার এবং মার্কিন নিষেধাজ্ঞা ভেঙে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তেহরান।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, গত ২৬ নভেম্বর এই ঘটনা ঘটে। ইরানের বন্দর শহর বন্দর আব্বাস থেকে যাত্রা শুরু করে পালাউয়ের পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার জাহাজ এম/ভি প্যাসিফিক আর্চার আঞ্চলিক জলসীমা অতিক্রমের চেষ্টা করেছিল।

সেন্টকমের বিবৃতিতে বলা হয়েছে, “মার্কিন সামরিক বিমান পালাউয়ের পতাকাবাহী এম/ভি প্যাসিফিক আর্চারের পিছনের অংশে নির্ভুলভাবে লক্ষ্যভেদী গোলাবারুদ নিক্ষেপ করে। এর ফলে জাহাজটির চালনা ব্যবস্থা অক্ষম হয়ে পড়ে। তবে বেসামরিক নাবিকদের কেউ আহত হননি।”

মার্কিন সামরিক কমান্ডের দাবি, একাধিকবার সতর্ক করা সত্ত্বেও জাহাজটি মার্কিন নৌ অবরোধ অতিক্রমের চেষ্টা করেছিল।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরানের একটি বন্দর থেকে যাত্রা করার পর মার্কিন নৌ অবরোধ ভেঙে যাওয়ার চেষ্টা করায় ২৬ নভেম্বর ওমান উপসাগরে একটি বাণিজ্যিক জাহাজকে অক্ষম করে দেয় সেন্টকম।

মার্কিন বাহিনী অবরোধ কঠোরভাবে কার্যকর করছে বলেও দাবি করা হয়েছে। নির্দেশ মেনে চলায় এখনও পর্যন্ত ১৫৮টি বাণিজ্যিক জাহাজকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করায় ছয়টি জাহাজকে অক্ষম করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সেন্টকম।

বিবৃতিতে আরও বলা হয়েছে, “ওমান উপসাগর এবং হরমুজ প্রণালীর প্রবেশপথে চলাচলকারী সমস্ত নাবিককে সেন্টকম বাহিনীর জারি করা অবরোধ সংক্রান্ত সতর্কবার্তা মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।”

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha