Wednesday, November 25, 2026
বাড়ি জাতীয় দূষণের ছোবলে দিল্লিতে লাফিয়ে বাড়ছে ফুসফুসের ক্যানসার! উদ্বিগ্ন বিশেষজ্ঞরা

দূষণের ছোবলে দিল্লিতে লাফিয়ে বাড়ছে ফুসফুসের ক্যানসার! উদ্বিগ্ন বিশেষজ্ঞরা

দূষণের ছোবলে দিল্লিতে লাফিয়ে বাড়ছে ফুসফুসের ক্যানসার! উদ্বিগ্ন বিশেষজ্ঞরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক নভেম্বর ২৫ :  বহু চেষ্টা করেও দিল্লিতে দূষণের  পরিমাণ কমানো সম্ভব হয়নি৷ দিওয়ালির আগে থেকেই শঙ্কা জাগাচ্ছিল রাজধানীর আবহাওয়া। যত সময় এগিয়েছে ততই বেড়েছে দূষণের মাত্রা। এরপর দিওয়ালিতে লাগামছাড়া আতশবাজি পোড়ানোর সময় থেকেই পরিস্থিতি হয়ে উঠেছে ভয়ংকর। গত কয়েক বছর ধরেই এই পরিস্থিতি। এর ফলে সাধারণ মানুষের জীবন কীভাবে বিপণ্ণ হয়ে পড়ছে তা জানা গেল এবার। একটি আরটিআই অনুসন্ধানে উঠে এল সাংঘাতিক তথ্য। জানা গেল, ২০২০ থেকে ২০২৬ সালের মধ্যে দিল্লির প্রধান সরকারি হাসপাতালগুলিতে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এর নেপথ্যে দিল্লির বায়ুদূষণকে অন্যতম ‘ভিলেন’ মনে করছে বিশেষজ্ঞরা। সেই সঙ্গেই ধূমপান এবং রোগ দেরিতে শনাক্ত হওয়ার মতো কারণগুলোকেও দায়ী করছেন তাঁরা।


যে তথ্য দেওয়া হয়েছে তা থেকে জানা যাচ্ছে, এইমস, রাম মনোহর লোহিয়া হাসপাতাল, সফদরজং হাসপাতাল এবং দিল্লি স্টেট ক্যানসার ইনস্টিটিউটে এই সময়ের মধ্যে সাড়ে ৬ হাজারেরও বেশি ফুসফুসের ক্যানসার রোগী শনাক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে মারা গিয়েছেন ৯০০ জনেরও বেশি। আরও উদ্বেগের বিষয় হল, নারী এবং যাঁরা ধূমপান করেন না, তাঁদের মধ্যেও ক্যানসারের প্রকোপ লাফিয়ে বাড়ছে। নভেম্বর মাস ‘ফুসফুসের ক্যানসার সচেতনতা মাস’ হিসেবে পালন করা হয়। এই উপলক্ষে চিকিৎসকরা জানিয়েছে, দীর্ঘস্থায়ী কাশি থাকলেই দ্রুত যেন চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়।


উল্লেখ্য, এই অসুখের নেপথ্যে ধূমপানের বড় ভূমিকা রয়েছে। সক্রিয় ধূমপায়ীদের পাশাপাশি পরোক্ষ ধোঁয়াও বহু ক্ষেত্রে ক্যানসার ছড়ায়। তাই অধূমপায়ীদেরও আক্রান্ত হওয়ার প্রবল সম্ভাবনা। পরিবারে কারও ফুসফুসের ক্যানসার থাকলেও আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। বায়ুদূষণ, রেডন গ্যাস, অ্যাসবেস্টস বা ক্ষতিকর রাসায়নিকের সংস্পর্শও একটা বড় কারণ। দিল্লিতে দূষণের ফলে এই মারণরোগের প্রকোপ কতটা বেড়েছে তার স্পষ্ট পরিসংখ্যান না মিললেও সেটা যে একটা বড় ভূমিকা পালন করছে, তাতে একরকম নিশ্চিত বিশেষজ্ঞরা।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha