স্যন্দন ডিজিটাল ডেস্ক নভেম্বর ২৫ : প্রথমে মাত্র ২৬ আসনের প্রস্তাব। তারপর একতরফা পাঁচ আসনে প্রার্থী ঘোষণা করে দেওয়া। উত্তরপ্রদেশে জোট আলোচনার মধ্যে সমাজবাদী পার্টির কার্যকলাপে যারপরনাই ক্ষুব্ধ কংগ্রেস। উত্তরপ্রদেশের সাহারানপুরের সাংসদ ইমরান মাসুদ বলছেন, ‘আমরা তো ভিখারি নই।’ পরিস্থিতি বেগতিক বুঝে আসরে নেমেছেন খোদ অখিলেশ যাদব। তিনি বলছেন, কংগ্রেসকে যে ২৬ আসন ছাড়া হয়েছে, সেটা প্রাথমিক পর্বের। তার মানে এই নয় যে হাত শিবির মাত্র ২৬ আসনই পাবে।
কংগ্রেস এবং সমাজবাদী পার্টি দু’পক্ষই জোটে আগ্রহী। দুই শিবিরই প্রকাশ্যে বলছে জোটের ব্যাপারে তাঁরা আন্তরিক। অথচ কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে, প্রকাশ্যে মতের মিল হলেও মনের মিল হচ্ছে না দুই শিবিরের। জোট আলোচনার শুরুতেই সমাজবাদী পার্টির কাছে ১৮১ থেকে কমে ১৩০টি আসনের প্রস্তাব দিয়েছিল কংগ্রেস। কিন্তু তাতেও পালটা ‘অসম্মান’ই জুটেছে। কংগ্রেসকে ২৬টি আসনে লড়ার প্রস্তাব দিয়েছে সমাজবাদী পার্টি। শুধু তাই নয়, ওই নামমাত্র অফার দেওয়ার পর নিজেদের মতো করে পাঁচ আসনে প্রার্থীও ঘোষণা করে দিয়েছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব।
সমাজবাদী পার্টির ওই আচরণে ক্ষুব্ধ হাত শিবিরের। কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি ইমরান মাসুদ বলছেন, “এভাবে নিজের জোটশরিকের সঙ্গে লড়াই করে আপনি হাসিল করবেন? এটা তো জোটই নয়। জোটে তো সঙ্গীরা থাকে। বিক্ষুকরা নয়।” ইমরান মাসুদ সাফ বলছেন, “আমরা কোনও ভিক্ষা চাইছি না। আমরা আমাদের ভাগ চাইছি।” ইমরানের সাফ কথা, “প্রার্থী তালিকা আমাদেরও তৈরি। আমরা শুধু জোটের কথা ভেবে ঘোষণা করছি না।”
এদিকে কংগ্রেস ও সমাজবাদী পার্টির আকচাআকচির নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য ওই জোটকে ‘ঠগবন্ধন’ বলে কটাক্ষ করেছেন। পরিস্থিতি বেগতিক দেখে আসরে নেমেছেন খোদ অখিলেশ। সোশাল মিডিয়ায় তিনি স্পষ্ট করে দিয়েছেন, শুধু ওই ২৬টি আসন নয়। কংগ্রেসকে আরও আসন ছাড়া হবে। অখিলেশ বলছেন, “প্রথম রাউন্ডের আলোচনায় কংগ্রেসকে ২৬ আসন ছাড়া হয়েছে। আগামী দিনে আরও আলোচনা হবে। কংগ্রেসকে বলব আরও আসনের তালিকা আনতে। আমরাও এমন অনেক আসন আপনাদের দেখিয়ে দিতে পারব, যেখানে হয়তো আপনাদের জয়ের সম্ভাবনা আছে। কিন্তু আপনারা হিসাবে ধরেননি।” সমাজবাদী পার্টির সুপ্রিমোর বক্তব্য, “সাম্প্রদায়িক বিজেপিকে হারানোর একটা সুবর্ণ সুযোগ এসেছে। আসুন আমরা সংকীর্ণতা ভুলে একসঙ্গে লড়ি। সব আসনে ইন্ডিয়া জোটের প্রার্থী লড়ুক। সমাজবাদী পার্টি বা কংগ্রেসের নয়।” অখিলেশের তরফে এই ইতিবাচক বার্তা পাওয়ার পর জোট আলোচনা এগোই কিনা সেটাই দেখার।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান