স্যন্দন ডিজিটেল ডেস্ক, নভেম্বর ১৪ : স্যাম পিত্রোদা । বরাবর বিতর্কিত চরিত্র। সেই রাজীব গান্ধীর সময় থেকে কংগ্রেসে। কেউ কেউ রাহুল গান্ধীর রাজনৈতিক অবস্থান তৈরিতে বড় ভূমিকা থাকে তাঁর। সেই স্যাম পিত্রোদাই এবার অস্বস্তি বাড়ালেন রাহুলের। একদিন আগে রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ফোন ট্যাপ করছেন। রাহুলের সেই অভিযোগ খারিজ করে দিলেন স্যামই। এক সাক্ষাৎকারে তিনি বলে দিলেন, “প্রধানমন্ত্রী ফোন ট্যাপ করতে পারেন না। প্রধানমন্ত্রী তো আর স্ক্রুডাইভার নিয়ে বা কম্পিউটারে বসবেন না।”
শুক্রবারই রাহুল গান্ধী দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর স্মার্টফোনটিকে ভয় পান। আর সেই কারণেই তাঁর নম্বরটিকে ‘ট্যাপ’ করা হয়। বিরোধী দলনেতা বলেন, তাঁর ফোনে এমন সব প্রমাণ রয়েছে, যা প্রকাশ্যে এলে মোদি আর প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। সেকারণেই তিনি চ্যালেঞ্জ নিতে ভয় পাচ্ছেন। রাহুলের দাবি, তাঁর স্মার্টফোনেই সব তথ্য রয়েছে। সামনাসামনি বিতর্কে বসলে আর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না নরেন্দ্র মোদি। বিরোধী দলনেতার সাফ কথা, মোদি দেশদ্রোহী। তিনি যে বিদেশি শক্তির সঙ্গে আপস করে ফেলেছেন সে প্রমাণও তাঁর ফোনে রয়েছে। সেই ফোনটি নাকি খোদ প্রধানমন্ত্রী ট্যাপ করেছেন।
রাহুলের সেই অভিযোগ খারিজ করে দিলেন স্যাম পিত্রোদা নিজেই। তিনি বললেন, “প্রধানমন্ত্রী নিজে ফোন ট্যাপ করতে পারেন না। প্রধানমন্ত্রী এটা করেন না।” তবে একই সঙ্গে তাঁর দাবি, ফোন ট্যাপ হতেই পারে। বহু আগে থেকেই হয়। রাহুল গান্ধীর যদি মনে হয়, তাঁর ফোন ট্যাপ হচ্ছে, সেটাও যুক্তিযুক্ত। স্যামের দাবি, তাঁর নিজের ফোনও ট্যাপ হয়। ল্যাপটপে হানা দেওয়া হয়। এমনকী ব্যাঙ্ক অ্যাকাউন্টেও নজরদারি চলে। কিন্তু কারা করে? সেটা স্পষ্ট বলেননি তিনি।
এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিকভাবে চরম বিরোধী হওয়া সত্ত্বেও স্যামকে দিওয়ালিতে শুভেচ্ছা জানিয়েছেন। যা নিয়ে রাজনৈতিক কাটাছেঁড়াও শুরু হয়েছে। যদিও স্যাম বলছেন, “মোদির সঙ্গে ব্যক্তিগতভাবে আমার সম্পর্ক বরাবরই ভালো। উৎসবের শুভেচ্ছা জানানো খুব সাধারণ ব্যাপার। আমরা ব্যক্তিগত ও রাজনৈতিক সম্পর্কে ফারাক করতে জানি।”
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান