স্যন্দন ডিজিটেল ডেস্ক, নভেম্বর ১৪ : চকোলেট ভেবে ‘পপ-পপ’ বাজি মুখে পুরে দিয়েছিল ২ বছরের খুদে। কামড় বসাতে ফেটে যায় সেটি। হাসপাতালে নিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি। মৃত্যু হয় ছত্তিশগড়ের ওই শিশুর। গত ৯ নভেম্বর সকালে ছত্তিশগড়ের সরগুজা জেলার সীতাপুর থানার নবপাড়া গ্রামের ঘটনা। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃতের নাম আদিত্য। ৯ নভেম্বর সকালে তার বাড়ির সামনে পাড়ার কয়েকজন ছেলেমেয়ে বাজি পোড়াচ্ছিল। তাদের সঙ্গেই ছিল আদিত্য। সেই সময় সবার অলক্ষ্যে মাটিতে পড়ে থাকা একটি ‘পপ-পপ’ বাজি হাতে তুলে নেয় সে। কালারফুল কাগজে মোড়া থাকায় চকোলেট ভেবে সে বাজিটি মুখে পুরে নেয়। বাজিতে কামড় বসাতে ফেটে যায় সেটি। মুখের ভিতর বাজি ফাটতেই নাক-মুখ দিয়ে রক্ত বের হতে থাকে আদিত্যর। এরপর তাকে সীতাপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর রক্ত বন্ধ হলে তাকে বাড়িতে নিয়ে চলে আসেন পরিবারের সদস্যরা। পরের দিন ফের রক্তপাত শুরু হলে আদিত্যকে ওই স্বাস্থ্যকেন্দ্রেই নিয়ে যাওয়া হয়। পরে তাকে অম্বিকাপুরের একটি মিশন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে ১১ নভেম্বর রাতে তার মৃত্যু হয়। যে চিকিৎসকরা ওই শিশুর ময়নাতদন্ত করেন তাঁরা জানান, শিশুটির গলার ভিতরে আতশবাজির উপাদান পাওয়া গিয়েছে।
শিশুর বাবা ইন্দ্রজিৎ মাঝি জানান, পপ-পপ বাজির প্যাকেট খোলা দেখে চকোলেট ভেবে খেয়ে নেয় আদিত্য। তিনি নিজে এই ঘটনা না দেখতেই পাড়ার ছেলেমেয়েরাই তাঁকে একথা জানান। জানা গিয়েছে, এই পপ-পপ বাজি মাটিতে সজোরে মেরে ফাটাতে হয়। অতিরিক্ত চাপে এই বাজি ফাটে। পুলিশ আধিকারিক জানান, একটি দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সম্প্রতি, মধ্যপ্রদেশের ডিন্ডৌরী জেলায় রসগোল্লা বলে এক ব্যক্তিকে দেশি বোমা খাইয়ে দেওয়া হয় বলে অভিযোগ। মুখের মধ্যেই বোমা ফেটে মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় ২ জন অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। মধ্যপ্রদেশের পর ছত্তিশগড়ের একরত্তি শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান