স্যন্দন ডিজিটেল ডেস্ক, নভেম্বর ১৪ : দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ১৩৭ তম জন্মজয়ন্তী। বিশেষ এই দিনটি শিশু দিবস হিসেবে পালন করে দেশ। শনিবার তাঁর জন্মদিন উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জানালেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর পাশাপাশি নেহরুর উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শ্রদ্ধা জানানোর পাশাপাশি দেশ গঠনে তাঁর অবদানের কথা তুলে ধরলেন রাষ্ট্রনেতারা।
দেশের প্রথম প্রধানমন্ত্রীর জন্মদিনে এক্স হ্যান্ডেলে মাত্র একলাইনে একটি বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, ‘প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মজয়ন্তীতে তাঁকে শ্রদ্ধা জানাই।’ প্রধানমন্ত্রী মাত্র একলাইনে তাঁকে স্মরণ করলেও নেহরুকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন প্রতিরক্ষামন্ত্রী। দেশের স্বাধীনতা সংগ্রাম ও দেশ গঠনের কাজে প্রথম প্রধানমন্ত্রীর নানা অবদান স্মরণ করেন তিনি।
এক্স হ্যান্ডেলে তিনি বার্তা দিয়েছেন, ‘পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্মবার্ষিকীতে আমি তাঁকে শ্রদ্ধা জানাই। ভারতের স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে তাঁর নেতৃত্ব দেশগঠনে কঠিন কাজে এক অবিস্মরণীয় ছাপ রেখে গিয়েছে।’
প্রতিরক্ষামন্ত্রীর পাশাপাশি শ্রদ্ধা জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। এক্স হ্যান্ডেলে এক পোস্টে তিনি লেখেন, ‘ভারতরত্ন দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মবার্ষিকীতে জানাই সশ্রদ্ধ শ্রদ্ধাঞ্জলি। তাঁর কাছে স্বাধীনতা কোনও চূড়ান্ত গন্তব্য ছিল না, বরং ছিল জাতির এক নতুন যাত্রার সূচনা। ‘স্বরাজ’ মানে কেবল ক্ষমতা দখল করা নয়, এর অর্থ ছিল প্রতিটি নাগরিকের অংশগ্রহণ এবং জাতির ভবিষ্যতের প্রতি সম্মিলিত দায়িত্ববোধ। তাঁর কাছে ভারত ছিল এক আবিষ্কার-এমন এক ধারণা, যার মূলে রয়েছে বৈচিত্র্যকে শক্তি হিসেবে গ্রহণ করা, গণতন্ত্রের প্রতি অবিচল আস্থা এবং সমতাকে ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করা। আধুনিক, বিজ্ঞানমনস্ক, প্রগতিশীল ও আত্মবিশ্বাসী ভারতের যে স্বপ্ন তিনি দেখেছিলেন, তা আজও আমাদের অনুপ্রাণিত করে। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার প্রচেষ্টাই হবে তাঁর প্রতি আমাদের শ্রেষ্ঠ শ্রদ্ধাঞ্জলি।’
তবে নেহরুর জন্মজয়ন্তীতে মাত্র একলাইনে প্রধানমন্ত্রীর এই বার্তা রাজনৈতিক মহলে চর্চার বিষয় হয়ে উঠেছে। অবশ্য এই ঘটনা প্রথমবার নয়, এর আগে গত ৩১ অক্টোবর ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যু বার্ষিকী। ওইদিনই ছিল দেশের প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তী। প্যাটেল স্মরণে এই দিনটি জাতীয় ঐক্য দিবস হিসেবে পালন করে মোদি সরকার। অন্যান্য বারের মতো এবারও ৩১ অক্টোবর দিনটি গুজরাটে কাটান মোদি। প্যাটেলের জন্মজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দেন। অথচ প্রথম মহিলা প্রধানমন্ত্রীর মৃত্যুদিনে সম্পূর্ণ নীরব ছিলেন তিনি।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান