স্যন্দন ডিজিটেল ডেস্ক, নভেম্বর ১৩ : দেশে প্রথমবার ৮কে রেজোলিউশনে মহাকাশ দর্শনের সুযোগ। শুক্রবার কর্নাটকের মাইসুরুতে অত্যাধুনিক ‘কসমস-মাইসুরু’ প্ল্যানেটোরিয়ামের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মাইসুরু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তৈরি হয়েছে অত্যাধুনিক এই মহাকাশ বিজ্ঞান কেন্দ্র। এই উদ্যোগ প্ল্যানেটোরিয়াম প্রযুক্তি এবং জ্যোতির্বিজ্ঞান শিক্ষায় বড় অগ্রগতি বলে মনে করা হচ্ছে।
চামুণ্ডি পাহাড়ের পাদদেশে, মাইসুরু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তৈরি হওয়া অত্যাধুনিক এই মহাকাশ বিজ্ঞান কেন্দ্রের প্রধান আকর্ষণ হল এর ১৫ মিটার চওড়া হেলানো এলইডি ডোম। সাধারণ প্ল্যানেটেরিয়ামে যেখানে প্রজেক্টর দিয়ে ছবি দেখানো হয়, এখানে গোটা ডোমটাই এলইডি প্যানেল দিয়ে তৈরি। মোট ৬১৪৮টি এলইডি প্যানেল আর প্রায় ৪.২৭ কোটি পিক্সেল দিয়ে তৈরি হয়েছে এই ডোম। যার ফলে দর্শকরা ৮কে রেজোলিউশনে গ্রহ, নক্ষত্র, গ্রহণ আর ধূমকেতুর মতো মহাকাশে ঘটে চলা নানা গতিবিধি দেখতে পাবেন। অভিনব এই প্ল্যানেটেরিয়ামে ১৬০ জন দর্শক একসঙ্গে বসে এই শো দেখতে পাবেন। এই উদ্যোগ দেশের শিক্ষার্থী, গবেষক, সাধারণ মানুষের মহাকাশ সম্পর্কিত অভিজ্ঞতা ও কৌতূহল আরও বাড়াবে বলে মনে করা হচ্ছে।
দেশের জ্যোতির্পদার্থবিদ্যা প্রতিষ্ঠান আইআইএ এবং মাইসুরু বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে প্ল্যানেটেরিয়াম। বিরাট এই উদ্যোগে সহযোগিতা করেছে বিজ্ঞান ও প্রযুক্তি দফতর, পরমাণু শক্তি দফতর এবং প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টার দফতর। ২০২২ সালে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। তাঁর সাংসদ তহবিল থেকে ৫ কোটি টাকা দেওয়া হয়েছিল। পুরো প্রকল্পে মোট ব্যয় হয়েছে প্রায় ১১৫ থেকে ১১৬ কোটি টাকা।
জানা যাচ্ছে, মহাশূন্যের ওপার বিস্ময় প্রত্যক্ষ করার পাশাপাশি এখানে থাকছে অ্যাস্ট্রোনমি মিউজিয়াম, এক্সিবিশন হল, লেকচার রুম আর ট্রেনিং ল্যাব। তিনটি ভাষায় এখানে দেখা যাবে প্রদর্শনী। যেগুলি হল, কন্নড়, ইংরেজি ও হিন্দি। আশা করা হচ্ছে, ছাত্রছাত্রী ও গবেষকদের জন্য মহাকাশ বিজ্ঞান শিক্ষার পথ খুলে দেবে এই কশমস-মাইসুরু প্ল্যানেটেরিয়াম।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান