স্যন্দন ডিজিটেল ডেস্ক, নভেম্বর ১৩ : ভারত বিরোধী পলাতক ইসলামি প্রচারক জাকির নায়েককে আরও পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করল ভারত সরকার। শুধু জাকির নয়, তার সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের উপরও নিষেধাজ্ঞার মেয়াদ পাঁচ বছরের জন্য বাড়ানো হল। শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
২০১৬ সালে জাকিরের উপর প্রথম নিষেধাজ্ঞা চাপায় ভারত সরকার। তারপরও নিয়মিত ভারত বিরোধিতা চালিয়ে গিয়েছে বিতর্কিত ইসলামিক গুরু। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, গত পাঁচ বছরে নিষিদ্ধ থাকাকালীন ধারাবাহিক ভাবে বিভিন্ন ধর্মীয় জনগোষ্ঠীর মধ্যে শত্রুতা, ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করে গিয়েছে জাকির। এমনকী, নিজের অনুগামীদের উসকানি দিয়ে দেশে সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর চেষ্টাও করে চলেছে বিতর্কিত ধর্মগুরু। তাই জাকিরের সংগঠনকে ইউএপিএ ধারায় নিষিদ্ধ ঘোষণা করা হল। এর আগে ২০২১ সালের ১৬ নভেম্বর আইআরএফ-এর উপর নিষেধাজ্ঞার মেয়াদ পাঁচ বছরের জন্য বাড়িয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রক।
দীর্ঘদিন ধরেই জাকিরকে খুঁজছে ইডি ও এনআইএ’র মতো কেন্দ্রীয় সংস্থা। তাঁর বিরুদ্ধে তহবিল তছরুপ থেকে জঙ্গি কার্যকলাপে জড়িয়ে থাকার মতো অসংখ্য অভিযোগ রয়েছে। জাকির ২০১৭ সাল থেকে মালয়েশিয়ায় রয়েছেন। ২০২০ সাল থেকে ভারতে তাঁর ভাষণ দেওয়া নিষিদ্ধ করে দেওয়া হয়। ‘জাতীয় নিরাপত্তা’র স্বার্থেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছিল। তারও আগে ২০১৫ সালেই তাঁর পাসপোর্ট বাতিল করে দেওয়া হয়। তারপরও অবশ্য জাকিরকে দেখা যায় নিজেকে প্রবাসী ভারতীয় বলে দাবি করতে।
মালয়েশিয়ায় পলাতক জাকিরকে ভারতে ফেরাতে সরকারের তরফে প্রত্যর্পণের আবেদন জানানো হলেও, সে আবেদনকে গুরুত্ব দেয়নি মালয়েশিয়া সরকার। জাকির অবশ্য আগেই জানিয়েছে, নরেন্দ্র মোদি ক্ষমতায় থাকলে ভারতে ফিরবে না সে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান