স্যন্দন ডিজিটেল ডেস্ক, নভেম্বর ১৩ : খোদ মন্ত্রীর বাড়িতে দুষ্কৃতী হামলা! থানায় ফোন করা হলেও, গুরুত্ব দিল না পুলিশ। আড়াই ঘণ্টা পর পুলিশ যখন ঘটনাস্থলে এল, ততক্ষণে দুষ্কৃতীরা পগারপার। গোটা ঘটনায় পুলিশের বিরুদ্ধে তেলেবেগুনে জ্বলে উঠলেন মহারাষ্ট্রের এনডিএ সরকারের মন্ত্রী তথা শিবসেনা নেতা সঞ্জয় শিরসাত। কড়া সুরে তাঁর প্রশ্ন, ”আমরা খুন হয়ে যাওয়ার পর কি পুলিশ আসবে?”
জানা যাচ্ছে, এই ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার। অভিযোগ ওইদিন রাতে তিন যুবক মদ্যপ অবস্থায় তাঁর বাড়ির সামনে আসে। বাড়ি লক্ষ্য করে পাথর ও কাঁচের বোতল ছোড়ে। এই ঘটনায় ২ নিরাপত্তারক্ষী আহত হন। অভিযোগ, ঘটনার সময় পুলিশকে খবর দেওয়া হলেও পুলিশ প্রায় আড়াই ঘণ্টা পর সেখানে আসে। এরপর শুক্রবার এই ইস্যুতে সাংবাদিক বৈঠক করে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সরব হন সঞ্জয়। অভিযোগ করেন, শহরের আইনশৃঙ্খলা ভেঙে পড়ছে। নিত্যদিন খুনের ঘটনা ঘটছে। অথচ পুলিশ ব্যস্ত টাকা কামাতে ও লাভজনক পোস্টিং পেতে।
সঞ্জয় আরও বলেন, হামলার খবর পেয়েও ঘটনাস্থলে পৌঁছতে ডিসিপির সময় লেগেছে প্রায় আড়াই ঘণ্টা। তাও আবার ডিজিপির হস্তক্ষেপের পর। পুলিশ কমিশনার বদলি নিয়ে ব্যস্ত, শহরের নিরাপত্তা নিয়ে নয়। মন্ত্রীর আরও অভিযোগ, পুলিশের মদতেই শহরে অবৈধ জুয়ার ঠেক চলছে। খোলাখুলি মাদক বিক্রি হচ্ছে। শহরে যে সব অবৈধ জুয়ার ঠেক চলছে, তার তালিকা মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেবেন বলে জানান মন্ত্রী। এর সঙ্গেই সুর চড়িয়ে সঞ্জয় বলেন, আমরা মরে যাওয়ার পরে কি পুলিশ আসবেন?”
এদিকে মন্ত্রীর রোষানলে পড়েই নড়েচড়ে বসেছে মহারাষ্ট্র পুলিশ। মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনায় ৩ অভিযুক্ত রোহিত ভুটালে, শিবম গায়কোয়াড় ও প্রতীককে চিহ্নিত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযোগের মধ্যে রয়েছে অনধিকার প্রবেশ, সরকারি কাজে বাধা, ভয় দেখানো ও সম্পত্তি নষ্টের ধারা। এই ঘটনায় মুখ্যমন্ত্রীকে গোটা বিষয়টি জানানোর পাশাপাশি পুলিশ কমিশনারের বদলির দাবিও জানিয়েছেন মন্ত্রী সঞ্জয় শিরসাত।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান