স্যন্দন ডিজিটাল ডেস্ক নভেম্বর ১০ : ৮৮ দিন কেটে গিয়েছে। তবু শেষ হয়নি সংসদের বাদল অধিবেশন ! ভারতের ইতিহাসে এতদিন ধরে অধিবেশন চলার নজির নেই। প্রথম থেকেই কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলগুলি সুর চড়িয়েছিল বিষয়টি নিয়ে। কেন অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হচ্ছে না, কী উদ্দেশ্যে কেন্দ্র এখনও অধিবেশন চালিয়ে যাচ্ছে, সেই নিয়ে বারবার প্রশ্ন তুলেছে হাত শিবির। সোমবার এই বিষয়টিকে ‘বুলডোজার নীতি’ বলে তোপ দেগেছে তারা।
এক্স হ্যান্ডেলে কংগ্রেস নেতা জয়রাম রমেশ লেখেন, ৮৮ দিন ধরে চলছে সংসদের বাদল অধিবেশন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তা-সহ প্রকাশিত হওয়া সংসদ বিষয়ক বইয়ে লেখা রয়েছে, লোকসভার অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হয়ে যাওয়ার ২ থেকে ৪ দিনের মধ্যে তার সমাপ্তি ঘোষণা করা হয়। প্রয়োজনে এই ব্যবধান বেড়ে ২৮ দিন হতে পারে। কিন্তু সংসদ বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, ২০০৮ সালের বাদল অধিবেশন নাকি ৮৭ দিন পরে সমাপ্ত হয়েছিল। যদিও ওই বইয়ে এমন ঘটনার উল্লেখ নেই। যদি এই পরিসংখ্যানকে সত্যি বলেও ধরি, তাহলেও বাদল অধিবেশন মুলতুবির পর ৮৮ দিন কেটে গিয়েছে।’
রমেশের মতে, ইচ্ছাকৃতভাবে বাদল অধিবেশন চালিয়ে যাচ্ছে কেন্দ্র কারণ আসন পুনর্বিন্যাস বিল পাশ করাতে মরিয়া হয়ে উঠেছে তারা। অমিত শাহকে তোপ দেগে বর্ষীয়ান কংগ্রেস নেতা বলছেন, ‘যেন তেন প্রকারেন দুই তৃতীয়াংশ সমর্থন জোগাড়ের চেষ্টা করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর বুলডোজার নীতি চালাতে চাইছেন। কিন্তু বিরোধীরা এই ষড়যন্ত্র ব্যর্থ করবে। আসন পুনর্বিন্যাস নিয়ে অন্তত ৬ মাস ধরে সর্বদল বৈঠকের আবেদন করেছে কংগ্রেস। কিন্তু প্রত্যেকবারই প্রধানমন্ত্রী সেই আবেদন ফিরিয়ে দিয়েছেন।’
উল্লেখ্য, ১৩ আগস্ট লোকসভা ও রাজ্যসভা উভয়ই অনির্দিষ্টকালের জন্য মুলতবি করা হয়েছিল। সাধারণত, পরবর্তী তিন থেকে চার দিনের মধ্যেই অধিবেশনটি আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়। এখনও পর্যন্ত বাদল অধিবেশন স্থগিতের বিজ্ঞপ্তি জারি করা হয়নি। অধিবেশন সমাপ্তি ঘোষণার এই অস্বাভাবিক দেরি নিয়ে বিরোধী দলগুলো প্রশ্ন তুলেছে। আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন সংক্রান্ত নারী সংরক্ষণ বিল বা অন্য কোনও বিশেষ প্রয়োজনে সরকার বিশেষ অধিবেশন ডাকতে পারে বলে জল্পনা শুরু হয়েছে। বাজেট অধিবেশনে সরকার প্রয়োজনীয় সংখ্যা জোগাড় করতে পারেনি বলে ওই বিল আটকে যায়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান