স্যন্দন ডিজিটাল ডেস্ক নভেম্বর ১০ : শীত পড়লেই বায়ুদূষণে জর্জরিত হয় দিল্লি-সহ গোটা উত্তর ভারত। এবারও তার ব্যতিক্রম হয়নি। আতঙ্ক বাড়িয়েছে দিওয়ালিতে লাগামছাড়া আতশবাজি পোড়ানো। এবার নাসার উপগ্রহচিত্রে ধরা পড়ল— ভারত-পাক দূষণমৈত্রী! প্রকাশ্যে আসা ছবিতে দেখা গিয়েছে, উত্তর ভারত ও পাকিস্তান জুড়ে বিস্তৃত ধোঁয়া ও কুয়াশার এক বিশাল আস্তরণ। যা দেখে আঁতকে উঠছেন পরিবেশ বিজ্ঞানীরা।
মডারেট রেজোলিউশন ইমেজিং স্পেকট্রোরাডিওমিটার বা এমওডিআইএস-এর মাধ্যমে নাসার ‘ফায়ার ইনফরমেশন ফর রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম’ বা এফআইআরএমএস-এর সৌজন্যে প্রাপ্ত স্যাটেলাইট চিত্রে দেখা গিয়েছে, ইন্দো-গাঙ্গেয় সমভূমি জুড়ে ধূসর রঙের কুয়াশার একটি ঘন আস্তরণ ছড়িয়ে পড়েছে। যা পাকিস্তান থেকে শুরু করে উত্তর ভারত হয়ে দেশের পূর্বাঞ্চল পর্যন্ত বিস্তৃত। সবচাইতে বিপজ্জনক অবস্থা পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চল জুড়ে। ধোঁয়াশার মধ্যেই দৃশ্যমান উত্তরাংশের হিমালয় পর্বতমালা।
নাসার উপগ্রহচিত্রে দেখা গিয়েছে, বরফে ঢাকা পর্বতমালা এবং দূষণ-ভরা সমভূমির বৈপরীত্য। সমভূমির উপরের বায়ুমণ্ডল গভীর ধোঁয়াশার আস্তরণে ঢাকা। ছবিটিতে বেশ কিছু লাল চিহ্ন রয়েছে, যার মাধ্যমে শনাক্ত করা হয়েছে উত্তর-পশ্চিমাঞ্চলীয় কৃষি এলাকার চাষের জমিতে ফসলের গোড়া পোড়ানো ঘটানোকে। উল্লেখ্য, দিল্লি-সহ উত্তর ভারতের শীতকালীন দূষণের পিছনে এই ফসলের গোড়া পোড়ানোকে বারবার দায়ী করা হয়েছে। এরপরেও পাকিস্তান তো বটেই ভারতের কৃষিখেতগুলিতেও বিষয়টি কম-বেশি ঘটে চলেছে। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্টও।
প্রতি শীতেই উত্তর-পশ্চিম ভারত এবং প্রতিবেশী পাকিস্তানে বায়ুর গুণমান মারাত্মকভাবে খারাপ হয়। ফসলের অবশিষ্টাংশ পোড়ানো ছাড়াও অন্যতম কারণ যানবাহন ও কলকারখানার কালো ধোঁয়া, নির্মাণকাজের ধুলোবালি এবং অন্যান্য উৎস। এর সঙ্গে যোগ হয় দিওয়ালির বাজি পোড়ানো। দূষণ বেড়ে যাওয়ার পর তা আর কোনওভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। দিল্লি প্রশাসন দূষণ নিয়ন্ত্রণে গাড়ির জোড়-বিজোড় সংখ্যা, নিয়মিত জল ছেটানো, স্মোক গান ইত্যাদি ব্যবহার করেও কার্যত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে না। এই সময় বাড়ে ফুসফুস সংক্রান্ত সমস্যা। শিশু, বৃদ্ধ ও অসুস্থদের পক্ষে জরুরি প্রয়োজন হলেও বাইরে বেরোনো সম্ভব হয় না।
পরিবেশ বিজ্ঞানীদের দাবি, দূষণের পৃথিবীতে পরিবেশকে অগ্রাধিকার দেওয়ার কথা প্রশাসনের। সঙ্কীর্ণ দলীয় রাজনীতির জেরে সেই সুস্থ আবহাওয়া আজও নেই ভারতে। এর ফল ভুগতে হচ্ছে মানুষকেই। যা কার্যত আত্মঘাতের শামিল।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান