স্যন্দন ডিজিটাল ডেস্ক, ২৫ সেপ্টেম্বর : আর কোনও কাজির কাছে গিয়ে চুপিচুপি নাবালিকাকে বিয়ে নয়। বাল্যবিবাহ এবং বহুবিবাহ রুখতে কড়া আইন কার্যকর করল অসমের বিজেপি সরকার। এবার থেকে অসমে মুসলিমদের সমস্ত বিয়ে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। সেই রেজিস্ট্রেশন করাতে হবে সরকার স্বীকৃত রেজিস্টারদের দিয়েই। বৃহস্পতিবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, অসম কমপালসরি রেজিস্ট্রেশন অফ ম্যারেজ এন্ড ডিভোর্স বিলের রুল এবার থেকে কার্যকর হয়ে গেল।
অসমের মন্ত্রিসভায় অসম কমপালসরি রেজিস্ট্রেশন অফ ম্যারেজ এন্ড ডিভোর্স বিল পাশ হয়েছে ২০২৪ সালে। এবার সেই বিল কার্যকর হল। ওই আইনে বলা হয়েছে, এবার থেকে সে রাজ্যে মুসলিম বিবাহ রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। সেই রেজিস্ট্রেশন মুসলিম বিবাহ আইনে কোনও কাজির কাছে হবে না। রেজিস্ট্রেশন করাতে হবে স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্টে। কীভাবে বাল্যবিবাহ রুখবে এই আইন? হিমন্ত জানিয়েছেন, নতুন আইনে সব বিয়ে রেজিস্ট্রার করা বাধ্যতামূলক। কিন্তু ১৮ বছরের কমবয়সী কারও বিবাহ রেজিস্ট্রার করা যাবে না। ফলে কেউ আর আইন মতে নাবালিকাকে বিয়ে করতে পারবে না। সরকারি সূত্র বলছে, এই পদক্ষেপ করা হচ্ছে মূলত বাল্যবিবাহ বন্ধ করা এবং সমস্ত বিবাহকে আইনসিদ্ধ করার জন্য।
বছর দুই আগে বাল্যবিবাহ রুখতে ‘কুখ্যাত’ অভিযান চালানো হয়েছিল অসমজুড়ে। গ্রেপ্তার করা হয়েছিল প্রায় সাড়ে ৩ হাজার জনকে। এই ঘটনায় অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উপর অত্যাচারের অভিযোগ এনেছিল বিরোধী দলগুলি। হিমন্ত তখনই জানিয়ে দেন, আগামী দিনে বাল্যবিবাহ রুখতে আরও কড়া আইন আনা হবে। সেই মতো সে বছরই সম কমপালসরি রেজিস্ট্রেশন অফ ম্যারেজ এন্ড ডিভোর্স বিল পাশ আনে হিমন্তর সরকার। সেটারই এবার রুল জারি হল।
উল্লেখ্য, অসমে ইতিমধ্যেই অভিন্ন দেওয়ানি বিধি আইন পাশ হয়েছে। গত ২৬ মে বিধানসভায় পাশ হওয়া ওই আইনে বলা হয়েছে বিয়ে থেকে বিবাহ বিচ্ছেদ, সম্পত্তির উত্তরাধিকার–সমস্ত ক্ষেত্রেই সকলের জন্য একই নিয়ম চালু করা হবে। লিভ ইন বা একত্রবাসের রেজিস্ট্রেশন এবার বাধ্যতামূলক। পাশাপাশি বিবাহ, বিবাহবিচ্ছেদ এবং উত্তরাধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয়েরও উল্লেখ রয়েছে অসমের অভিন্ন দেওয়ানি বিধিতে। তারপরই মুসলিমদের বিবাহ রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করল হিমন্ত।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান