Friday, September 25, 2026
বাড়ি জাতীয় দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিবসে বার্তা মোদির

দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিবসে বার্তা মোদির

দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিবসে বার্তা মোদির

স্যন্দন ডিজিটাল ডেস্ক, ২৫ সেপ্টেম্বর : “তিনি ছিলেন জাতীয় সেবার প্রকৃত সাধক।” এই ভাষাতেই প্রয়াত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিনে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । শুক্রবার সকালে সমাজমাধ্যমে একটি পোস্টে বিজেপির পূর্বসূরি ভারতীয় জনসঙ্ঘের অন্যতম প্রতিষ্ঠাতাকে শ্রদ্ধা নিবেদন করেন মোদি। দেশজুড়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বিতর্ক তুঙ্গে। ‘ভোটচুরি’র অভিযোগে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি জ্ঞানেশের পদত্যাগ দাবি করেছে। যদিও এই বিষয়ে মুখ খোলেননি প্রধানমন্ত্রী।


ভারতে হিন্দুত্ববাদী রাজনীতির গোড়ার দিকের অন্যতম মুখ দীনদয়াল উপাধ্যায়ের জন্ম ১৯১৬ সালের ২৫ সেপ্টেম্বর। এই দিনটিকে ‘অন্ত্যোদয় দিবস’ হিসেবে পালন করে ভারত সরকার। সমাজমাধ্যমে মোদি লিখেছেন, ‘‘জাতীয় সেবার প্রকৃত সাধক ছিলেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জি। তাঁর জন্মবার্ষিকীতে তাঁকে বিনম্র শ্রদ্ধা জানাই। তিনি যে জাতি গঠনের স্বপ্ন দেখতেন, তাঁর ভিত্তি ছিল সমাজের শেষপ্রান্তে থাকা মানুষটিরও উন্নয়ন। তিনি অন্ত্যোদয়ের দর্শন উপহার দিয়েছিলেন। এই দর্শন আজও জনকল্যাণের ক্ষেত্রে গভীর অনুপ্রেরণা জোগায়।’’


বিজেপি এবং ভারত সরকারের উদ্যোগে ১৭ গত সেপ্টেম্বর মোদির ৭৬তম জন্মদিন পালনে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছিল গোটা দেশে। প্রধানমন্ত্রীর জন্মস্থান গুজরাটের বডনগর এবং নির্বাচনীকেন্দ্র বারাণসীর মধ্যে শুরু হয়েছে দ্বিমুখী ‘সেবা সংকল্প অভিযান’। আদতে বর্ণাঢ্য মোটর সাইকেল র‌্যালি। শুক্রবার সেই কর্মসূচিতে ভারচুয়াল মাধ্যমে অংশ নেন প্রধানমন্ত্রী। বিজেপি কর্মীদের সামনে ভিডিও বক্তৃতায় দাবি করলেন, গত ১২ বছরে বিজেপি সরকারের শাসনকালে দেশে বৈষম্য কমেছে। ভোটব্যাঙ্কের রাজনীতির বদলে সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা দিলেন মোদি। 


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha