নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রাস্তায় নামল কংগ্রেস। শুরু হয়েছে ধর্না কর্মসূচি। মঙ্গলবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের দলীয় সাংসদরা নয়াদিল্লির ৭ লোক কল্যাণ মার্গে অবস্থিত প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে বিক্ষোভে বসেন। হঠাৎ করেই তাঁরা খাড়গের বাসভবন থেকে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল করে উপস্থিত হন। রাহুল গান্ধী এ দিন নিজের এক্স-হ্যান্ডলে লেখেন, ‘গতকাল তরুণ পড়ুয়াদের উপর হওয়া নৃশংসতার বিষয়ে জবাব চাইতে আমরা প্রধানমন্ত্রী মোদীর বাসভবনের সামনে মিছিল করেছি। সরকার কোনও দায় নিতে চায় না, কিংবা সংসদে এ নিয়ে কোনও বিতর্কেও জড়াতে চায় না। ভারতের যুবসমাজের ভবিষ্যৎ ধ্বংস করার জন্য প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।’
লোক কল্যাণ মার্গে কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে, যেখানে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে কংগ্রেস নেতারা বিক্ষোভ করছেন। ধর্নার সময় বিরোধী দলের নেতা ও কর্মীদের আটক করার সময় ধস্তাধস্তি বেধে যায়। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে আটক করা হয়েছে। দিল্লি পুলিশের হাতে আটক হওয়ার সময় কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা বলেন, “ওরা কাপুরুষ। ওরা ভীত। আমরা ওদের দেখে ভয় পাই না। বরং ওরাই আমাদের দেখে ভয় পায়।” সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেন, “শিক্ষার্থীদের দাবি-দাওয়া শোনা প্রধানমন্ত্রীর দায়িত্ব। তিনি কেন তাঁদের দাবি মেনে নিচ্ছেন না?”

