কলকাতা, ১৫ মে (হি. স.) : দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাড়ল পেট্রল এবং ডিজেলের দাম। দেশের চারটি মহানগরে পেট্রল এবং ডিজেলের দাম লিটারে ৩ টাকা করে বৃদ্ধি করা হয়েছে। শুক্রবার থেকেই এই বর্ধিত দাম কার্যকর হবে বলে কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে।
সম্প্রতি পশ্চিম এশিয়ার সংঘাত দীর্ঘস্থায়ী হলে দেশে জ্বালানি তেলের দাম বাড়তে পারে বলে সতর্ক করেছিলেন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা। রান্নার ও বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধির পর পেট্রল ও ডিজেলের দাম বাড়তে চলেছে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। তেলের সংকটের কারণে পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যের পাম্পগুলিতে ‘অলিখিত নিয়ন্ত্রণ’ শুরু হয়েছিল। যদিও কেন্দ্র দাবি করেছিল যে তেলভাণ্ডার নিয়ে এখনই উদ্বেগের কারণ নেই, তবে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী দাম বাড়ার ইঙ্গিত দিয়ে রেখেছিলেন।
দেশবাসীর কাছে জ্বালানি সাশ্রয় করার আবেদন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার ঠিক পরেই বাড়ানো হলো জ্বালানির দাম। এর ফলে দিল্লিতে লিটার প্রতি পেট্রলের দাম ৩ টাকা বেড়ে হচ্ছে ৯৭.৭৭ টাকা। কলকাতায় পেট্রলের দাম দাঁড়িয়েছে ১০৮.৭৪ টাকা, মুম্বইয়ে ১০৬.৬৮ টাকা এবং চেন্নাইয়ে ১০৩.৬৭ টাকা।
অন্যদিকে, লিটার প্রতি ডিজেলের দাম দিল্লিতে হয়েছে ৯০.৬৭ টাকা। কলকাতায় এই দাম দাঁড়িয়েছে ৯৫.১৩ টাকা, মুম্বইয়ে ৯৩.১৪ টাকা এবং চেন্নাইয়ে ৯৫.২৫ টাকা। এর আগে মার্চ মাসে শেষবার জ্বালানি তেলের দাম বেড়েছিল। সম্প্রতি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দামও প্রায় ১ হাজার টাকা বাড়িয়েছে কেন্দ্র। তেলের এই দাম বৃদ্ধি সাধারণ মানুষের ওপর বাড়তি চাপের সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে।

