ঢাকা, ১ আগস্ট
(হি.স.):
বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনে শনিবার দুপুর ১২টা নাগাদ দু’টি সন্দেহজনক ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। এর ফলে বন্ধ রাখা হয় ওই দু’টি মেট্রো স্টেশন। মেট্রো-পথে দু’টি স্টেশন পুরোপুরি ভাবে বন্ধ করে দেওয়ায়,
কার্যত থমকে যায় ঢাকা শহরের মেট্রো পরিষেবা। খবর পেয়ে মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনে পৌঁছয় ঢাকা পুলিশের বিশাল বাহিনী। পৌঁছয় বম্ব স্কোয়াডও। পুলিশ সূত্রে জানা গিয়েছে,
এ দিন দুপুরে মিরপুর-১০ মেট্রো স্টেশনের দ্বিতীয় তলায় একটি সন্দেহজনক ব্যাগ পড়ে থাকতে দেখেন কয়েকজন। প্রায় একই সময়ে ফার্মগেট স্টেশনের এক তলায় একটি স্তম্ভের পাশে একটি সন্দেহজনক বস্তা পড়ে থাকতে দেখা যায়। পরে নিরাপত্তা সুনিশ্চিত হলে পুনরায় মেট্রো চলাচল ও স্টেশনের কার্যক্রম স্বাভাবিক হয়।
মিরপুর ১০ স্টেশনের নিচে একটি সন্দেহজনক ব্যাগে বোমা থাকার তথ্যের ভিত্তিতে বোম্ব ডিসপোজাল ইউনিট সেখানে পৌঁছে ব্যাগটির এক্স রে পরীক্ষা করে। পরে নিরাপত্তা বিধি অনুসরণ করে ফ্র্যাঞ্জিবল ডিসরাপ্টর ব্যবহার করে ব্যাগটি নিষ্ক্রিয় করা হয়। পরীক্ষা শেষে ব্যাগের ভেতরে জর্দার কৌটা ও পান পাওয়া যায়। এতে কোনও বিস্ফোরক বা ক্ষতিকর উপাদান ছিল না। অন্যদিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে পাওয়া পরিত্যক্ত বস্তুও পরীক্ষা করে বোম্ব ডিসপোজাল ইউনিট। হ্যান্ড এন্ট্রির মাধ্যমে পরীক্ষা শেষে সেখানে কোনও বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু না থাকার বিষয়টি নিশ্চিত করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে,
দুই ঘটনাতেই কোনও বিস্ফোরক বা বিপজ্জনক উপাদান পাওয়া যায়নি।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান