ঢাকা,
২৭ নভেম্বর
(হি.স.):
আগামী ২৯ ও ৩০ নভেম্বর আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী লকডাউন এবং ১৬ ডিসেম্বর শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বাংলাদেশে উত্তেজনা চরমে পৌঁছেছে। দলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবিতে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। অশান্তি ও হিংসা ছড়িয়ে পড়ার আশঙ্কায় গোটা দেশ জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতেও রাজধানী ঢাকায় দুটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে,
অগ্নিসংযোগের একটি ঘটনা ঘটেছে রাজধানীর পল্লবী এলাকায় এবং অন্যটি ঘটেছে বাড্ডায়। এর পাশাপাশি শহরের বিভিন্ন প্রান্তে বোমাবাজির ঘটনাও ঘটছে। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ জুড়ে চিরুনি তল্লাশি ও বিশেষ অভিযানে নেমেছে পুলিশ। প্রশাসনের তরফে জানানো হয়েছে,
বিশেষ অভিযানে মাত্র এক দিনের মধ্যেই আওয়ামী লীগের ৩৩৮ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে,
আওয়ামী লীগের দীর্ঘদিনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জ এবং টুঙ্গিপাড়ার পরিস্থিতিও অত্যন্ত উদ্বেগজনক। কয়েক দিন আগেই সেখানে থানা এবং স্থানীয় বিএনপি নেতার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছিল,
পাশাপাশি এলাকায় অস্ত্র নিয়ে মিছিল বের করার অভিযোগও উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশ সরকার আগেই গোপালগঞ্জে রেল পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল। এবার বৃহস্পতিবার থেকে সেখানে মোবাইল ব্যাঙ্কিং পরিষেবাও বিঘ্নিত হতে শুরু করেছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান