স্যন্দন ডিজিটাল ডেস্ক নভেম্বর ১৬ : নামেই নদী। বাস্তবে দূষিত ফেনায় ঢেকেছে দিল্লির যমুনা। আর সেই বিষাক্ত ফেনার মাঝেই ছটপুজোয় অর্ঘ্য নিবেদন করছেন মহিলারা। উৎসবের দিনে দূষিত যমুনার বেহাল ছবি তুলে ধরে রাজনৈতিক তরজায় জড়াল আপ বিজেপি। ফেনার মধ্যে মহিলাদের প্রার্থনার ছবি-ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করে আম আদমি পার্টি লিখেছে, ‘এআই নয়, ছটপুজোয় এটাই যমুনার অবস্থা।’ পালটা বিজেপির তোপ, ‘২ বছরে যমুনা অর্ধেকের বেশি পরিষ্কার হয়েছে। আপ-বিজেপি ২৭ বছরে যা পারেনি।’
কঠিন ব্রতের পর সোমবার দেশজুড়ে পালিত হচ্ছে ছটপুজো। সেই উপলক্ষে যমুনায় মহিলাদের প্রার্থনার একটি ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করেছে আম আদমি পার্টি। যেখানে দেখা যাচ্ছে, বিপুল ফেনায় ঢাকা পড়েছে যমুনা। তার মাঝেই পুজো সারছেন মহিলার। ভিডিওর সঙ্গে আপ লিখেছে, ‘দিল্লিতে বিজেপির ৪ ইঞ্জিনের সরকারের যমুনা সাফাইয়ের গালভরা দাবির পর্দাফাঁস হয়ে গিয়েছে। বিষাক্ত ফেনার মাঝেই ছটের ব্রতীরা এভাবেই তাঁদের পুজো সারছেন।’ এর পাশাপাশি ভিডিওর সঙ্গে লেখা, ‘এটা কোনও এআই দৃশ্য নয়, ছটে যমুনার বেহাল অবস্থার চিত্র।’ পাশাপাশি দিল্লিতে আপের সভাপতি সৌরভ ভরদ্বাজ যমুনা ইস্যুতে বিজেপি সরকারকে তুলোধোনা করেন। তাঁর অভিযোগ, ‘দূষণের জেরে হাজার হাজার মাছ মারা গিয়েছে। যমুনা পরিষ্কারের নামে কোটি কোটি টাকা শুধুমাত্র মিথ্যে প্রচারে নষ্ট করা হচ্ছে।’
আম আদমি পার্টির অভিযোগের পালটা সরব হয়েছে দিল্লির শাসকদল বিজেপিও। সোশাল মিডিয়ায় পালটা ভিডিও শেয়ার করা হয়েছে বিজেপির তরফে। যেখানে দেখা যাচ্ছে, স্বচ্ছ যমুনার বুক চিরে চলেছে বোট। পাশাপাশি লেখা হয়েছে, ‘এবার দিল্লিতে পালিত হল পবিত্র ছট। মাত্র ২ বছরের মধ্যে, সরকার দিল্লির যমুনা নদীর অর্ধেকেরও বেশি অংশ পরিষ্কার করেছে এবং সেখানে পূর্বাঞ্চল অঞ্চলের মহা উৎসব ‘ছট’ অত্যন্ত ধুমধাম করে উদযাপন করা হয়েছে।’ বিজেপি আরও জানিয়েছে, ‘আপ-কংগ্রেস গত ২৭ বছরে যা পারেনি, তা মাত্র দেড় বছরে করে দেখিয়েছে বিজেপি। যেখানে একসময় ছট নিষিদ্ধ ছিল, সেখানে এখন মুখ্যমন্ত্রী নিজে নদীতে নেমে পুজো করছেন।’ উল্লেখ্য, রবিবার মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সোনিয়া বিহার ঘাটে এবং সোমবার হাতি ঘাটে ছট পুজো করেন।
এদিকে ছটের প্রথম দিন সোনিয়া বিহারের কাছে যমুনায় শত শত মরা মাছ ভেসে থাকার ভিডিও ভাইরাল হয়। দিল্লির জলমন্ত্রী পারভেশ বর্মা পালটা অভিযোগ করেন, “কেউ ইচ্ছে করে বাজার থেকে মরা মাছ কিনে নদীতে ফেলেছে। সরকারের বদনাম করার উদ্দেশে।” এই ঘটনার নেপথ্যে আপের যোগ থাকার অভিযোগ করেন তিনি। এই ঘটনায় ওয়াজিরাবাদ থানায় এফআইআরও দায়ের হয়েছে। মাছের মৃত্যু নিয়ে ভিডিও পোস্ট করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। মাছ মরার আসল কারণ জানা না গেলেও, স্থানীয়দের একাংশের অভিযোগ, হাথনিকুণ্ড ব্যারাজের কাছে একটি ট্যানারি থেকে বর্জ্য ফেলার কারণেই মাছ মরেছে। সব মিলিয়ে ছটের উৎসবে যমুনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান