Tuesday, November 17, 2026
বাড়ি বিশ্ব সংবাদ দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসী হামলা! দফায় দফায় গুলিতে মৃত ১৭, বিশ্বকাপের আগে প্রশ্নে নিরাপত্তা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসী হামলা! দফায় দফায় গুলিতে মৃত ১৭, বিশ্বকাপের আগে প্রশ্নে নিরাপত্তা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসী হামলা! দফায় দফায় গুলিতে মৃত ১৭, বিশ্বকাপের আগে প্রশ্নে নিরাপত্তা

স্যন্দন ডিজিটাল ডেস্ক নভেম্বর ১৬ : বন্দুকবাজের হামলায় রক্তাক্ত দক্ষিণ আফ্রিকা। দেশটির দুই জায়গায় সন্ত্রাসী হামলার জেরে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। সোমবার এই তথ্য প্রকাশ্যে এনেছে দক্ষিণ আফ্রিকার পুলিশ। কে বা কারা এই হামলা চালাল তা স্পষ্ট নয়। আগামী বছর এই দেশে রয়েছে ক্রিকেট বিশ্বকাপ। যেখানে খেলতে যাবেন বিরাট-রোহিতরা। সেখানে মাত্র ৫ মাসের ব্যবধানে ফের এহেন হামলায় দেশটির নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।


পুলিশের তরফে জানা যাচ্ছে, প্রথম হামলার ঘটনা ঘটেছে দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ার নিকটবর্তী জেফসভিলে নামের এক বস্তি এলাকায়। এখানে একটি ঘরের মধ্যে থেকে গুলিবিদ্ধ অবস্থায় ৯ জনের দেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে ৬ জন পুরুষ ও ৩ জন মহিলা। দ্বিতীয় হামলার ঘটনা ঘটে পিটারমারিৎজবার্গ শহরের পার্শ্ববর্তী এলাকায়। সুইটওয়াটার্স অঞ্চলে একটি গাড়ির ভিতর থেকে আরও ৮ জনের দেহ উদ্ধার হয়। মৃত ৮ জনই পুরুষ।


কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। মৃতদের দেহ এখনও পর্যন্ত শনাক্ত হয়নি বলে খবর। হামলাকারীদের বিষয়েও কিছু জানতে পারেনি পুলিশ। তবে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। পিটারমারিৎজবার্গে পুলিশের অনুমান, কোনও মাফিয়া গ্যাংয়ের আভ্যন্তরীণ কলহের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। উল্লেখ্য, আগামী বছর দক্ষিণ আফ্রিকায় হতে চলেছে ওয়ানডে বিশ্বকাপ। বিরাট, রোহিত-সহ বিশ্ব ক্রিকেটের তাবড় তারকারা পা রাখবে এই দেশে। সেখানে এই ধরনের হিংসার ঘটনায় স্বাভাবিকভাবের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।


অবশ্য দক্ষিণ আফ্রিকায় এই ধরনের ঘটনা প্রথমবার নয়। গত সেপ্টেম্বর মাসে তিনজন বন্দুকধারী উপকূলীয় শহর ডারবানের নিকটবর্তী একটি বস্তিতে ঢুকে এলোপাথাড়ি গুলি চালিয়েছিল। এই হামলায় গর্ভবতী মহিলা-সহ ১১ জনের মৃত্যু হয়। গত জুন মাসেও জোহানেসবার্গের বস্তি এলাকায় গুলি করে খুন করা হয় ১২ জনকে। তার আগে গত বছরের ডিসেম্বরে দুই সপ্তাহের ব্যবধানে গুলি করে খুন করা হয়েছিল ২১ জনকে।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha