Tuesday, November 17, 2026
বাড়ি জাতীয় হলমার্ক মানেই খাঁটি সোনা, এমন নিশ্চয়তা নেই! ‘ক্যাগ’ রিপোর্ট অস্বস্তি বাড়াবে মধ্যবিত্তের

হলমার্ক মানেই খাঁটি সোনা, এমন নিশ্চয়তা নেই! ‘ক্যাগ’ রিপোর্ট অস্বস্তি বাড়াবে মধ্যবিত্তের

হলমার্ক মানেই খাঁটি সোনা, এমন নিশ্চয়তা নেই! ‘ক্যাগ’ রিপোর্ট অস্বস্তি বাড়াবে মধ্যবিত্তের

স্যন্দন ডিজিটাল ডেস্ক নভেম্বর ১৬ : ভারতে প্রশ্নের মুখে খাঁটি সোনার  শুদ্ধতা। রিপোর্ট বলছে, ‘হলমার্ক’ মানেই তা যে খাঁটি সোনা হবে এমন কোনও নিশ্চয়তা নেই। দেশের বৃহত্তম সরকারি নিরীক্ষা সংস্থা ‘কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল’ (সিএজি) বা ‘ক্যাগে’-র রিপোর্ট এই প্রশ্নই তুলে দিচ্ছে দেশবাসীর কাছে। যেখানে বলা হয়েছে, সোনার বিশুদ্ধতা পরীক্ষার দায়িত্বে থাকা সরকারি সংস্থা ‘ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড’ (বিআইএস) বাজারে বিক্রি হওয়া হলমার্কযুক্ত সোনার বিশুদ্ধতা যথযথভাবে নিরীক্ষণ করতে ব্যর্থ হচ্ছে। এর ফলে সোনা কিনে প্রতারিত হওয়ার ঝুঁকি বাড়ছে সাধারণ ক্রেতার।


নিয়ম অনুযায়ী, গয়না ব্যবসায়ীরা সত্যিই খাঁটি সোনা বিক্রি করছে কি না, তা যাচাই করতে বিআইএস-কে বছরে অন্তত একবার দোকানগুলিতে গিয়ে তা যাচাই করতে হয়। কিন্তু তথ্য বলছে, গত ৫ বছরে বিআইএস লাইসেন্স প্রাপ্ত গয়না ব্যবসায়ীদের ৮০ শতাংশেরও বেশি দোকানে একবারও পরিদর্শনে যায়নি। এই ঘটনায় সিএজির খসড়া প্রতিবেদনে এই সংক্রান্ত প্রশ্নগুলি তুলে ধরা হয়েছে। এই বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রকের থেকে চূড়ান্ত জবাব আসার পর তা সংসদে পেশ করা হবে বলে জানা যাচ্ছে।


সরাকারি নিয়ম অনুযায়ী, দেশের ৩৯২টি জেলায় হলমার্কবিহীন সোনা বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। এর ফলে ২.৩ লক্ষ গয়নার দোকান নতুন করে বিআইএস-এর লাইসেন্স পেয়েছে। ২০২৪-২৫ সালে এই সংখ্যাটা ছিল মাত্র ২৮ হাজার ৮৬৫। তবে রিপোর্ট বলছে ২.৩ লক্ষ লাইসেন্স প্রাপ্ত দোকানের মধ্যে মাত্র ৫ হাজার ৪৪৪টি দোকান পরিদর্শন করেছেন বিআইএস আধিকারিকরা। অর্থাৎ নজরদারির বাইরে ছিল প্রায় ৮১ শতাংশ দোকান। পাশাপাশি যে দোকানগুলিতে গয়নার বিশুদ্ধতা পরীক্ষা করা হয় সেগুলিকে ৬ সংখ্যার এইচইউআইডি নম্বর দেওয়া হয়। সেগুলির পর্যবেক্ষণেও লক্ষ্যমাত্রা থেকে ৪৪ শতাংশ পিছিয়ে ছিল বিআইএস।


সোনার বাজারে নজরদারির এই চূড়ান্ত গাফিলতির জেরে স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে বিআইএস। সিএজি-র তরফে বিআইএস-এর কাছে এর ব্যাখ্যা চাওয়া হলে, তাঁরা সংস্থার কর্মী সংকটকে দায়ী করেছে। বিআইএস জানিয়েছে, পর্যাপ্ত কর্মী না থাকার কারণে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে সেখান থেকে নমুনা সংগ্রহ করা কঠিন হয়ে উঠেছে। তবে, সিএজি এই অজুহাত মানতে নারাজ। পাশাপাশি এই ঘটনা প্রশ্ন তুলে দিচ্ছে মধ্যবিত্ত তার সঞ্চিত অর্থে যে সোনা কিনতে তা কি আদৌ খাঁটি?

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha