স্যন্দন ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
২৩ সেপ্টেম্বর :দীর্ঘদিন
ধরে বিদ্যুৎ ট্রান্সফরমার বিকল হয়ে পড়ে থাকার অভিযোগে সোনামুড়া-কাঠালিয়া সড়ক অবরোধ
করলেন বেজিমারা ৩ ও ৪ নং ওয়ার্ড এলাকার মানুষ। অভিযোগ, প্রায় এক বছর ধরে এলাকার বৈদ্যুতিক
ট্রান্সফরমারটি বিকল। জোড়াতালি দিয়ে বিদ্যুৎ পরিষেবা চালু রাখতে হচ্ছে। বিষয়টি নিয়ে
বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনও স্থায়ী সমাধান মেলেনি বলে দাবি এলাকাবাসীর। বুধবার সকাল
১০ টা থেকে সোনামুড়া-কাঠালিয়া সড়ক অবরোধ করেন তারা। প্রায় এক ঘণ্টা ধরে চলা অবরোধের
জেরে অফিসযাত্রী, পথচারী, স্কুল পড়ুয়া এবং রোগীর আত্মীয়-পরিজনদের ভোগান্তিতে পড়তে
হয়।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এলাকাবাসী আরো বলেন,
গত ছয়মাস ধরে বিদ্যুতের ভল্টিজ অনেক কম মিলছে, ফলে ঘরের লাইট, ফ্যান চলছে না। বহুবার
দপ্তরের কর্মীদের অবগত করেছেন। কিন্তু কাজ হচ্ছে না। পরবর্তী সময় সোনামুড়া নগর পঞ্চায়েতের
ভাইস-চেয়ারম্যান শাহজান মিয়া এলাকাবাসীকে একদিনের মধ্যে ট্রান্সফরমার মেরামতের আশ্বাস
দেন। এই আশ্বাসের পর অবরোধ তুলে নেন এলাকাবাসী। সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস-চেয়ারম্যান
শাহজান মিয়া সংবাদ মাধ্যমকে জানান, কালকের মধ্যে ট্রান্সফরমার বসানো হবে। এলাকাবাসী
আগেও ক্ষোভ প্রকাশ করেছিল, কিন্তু সমস্যার সমাধান হয় নি। আজ তিনি নিজে দায়িত্ব নিয়েছেন
বলে জানান। এখন দেখার আশ্বাস অনুযায়ী বৃহস্পতিবারের মধ্যে সমস্যার সমাধান হয় কিনা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান