স্যন্দন ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
২৩ সেপ্টেম্বর : ছাগল চুরি
করে পালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল চুরির কাজে ব্যবহৃত টি আর ০১ জি ২৪৪৮ নম্বরের
যাত্রীবাহী অটো। অটো চালকের ড্রাইভিং লাইসেন্স সহ অন্যান্য নথিপত্র ফেলে পালিয়ে যায়
দুই চোর। ঘটনা বুধবার দুপুরে আমতলী থানার অন্তর্গত শনিটিলা এলাকায়। জানা গেছে, গত
কয়েক বছর ধরে কাঁঠালতলী এলাকা সহ আশেপাশের বেশ কয়েকটি এলাকায় প্রায় প্রতিনিয়তই
ছাগল চুরির ঘটনা ঘটছে।
কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে চোরের দল থেকে যাচ্ছে
বহাল তবিয়তে। অন্যান্য দিনের মতো বুধবার দুপুরেও কাঠালতলী এলাকার সজল মন্ডলের একটি
ছাগল চুরি করে ওই যাত্রীবাহী অটো গাড়িতে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দুই চোর।
তখন বিষয়টি নজরে আসে ছাগলের মালিক সজল মন্ডলের। তখন ছাগলের মালিক সজল মন্ডল সহ এলাকার
আরো কয়েকজন বাইক নিয়ে অটো গাড়িটি পেছনে ধাওয়া করে। তখন অটো গাড়িটি শনিটিলা এলাকায়
বাক নিতেই উল্টে যায়। তখন গাড়ি সহ চুরির ছাগল ফেলে পালিয়ে যায় দুই চোর। ঘটনার পর
ছাগলের মালিক সজল মন্ডল সহ স্থানীয় এলাকাবাসীরা এসে অটো গাড়িতে তল্লাশি চালিয়ে চুরি
হয়ে যাওয়া ছাগল সহ এক চোরের ড্রাইভিং লাইসেন্স সহ বেশ কিছু নথিপত্র উদ্ধার করে।
এর মধ্যে একজন অভিযুক্তের নাম রাজকুমার সাহা। তার
ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়। তার বাড়ি আগরতলা প্রতাপগড় এলাকায়। এরপর এলাকাবাসীদের
তরফ থেকে খবর দেওয়া হয় আমতলী থানায়। খবর পেয়ে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে দ্রুত
ছুটে গিয়ে দুর্ঘটনা গ্রস্ত অটো গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এই ব্যাপারে
ছাগলের মালিক সজল মন্ডল আমতলী থানায় লিখিত আকারের একটি মামলা দায়ের করেন। ছাগলের
মালিক সহ স্থানীয় এলাকাবাসীদের দাবি পুলিশ যেন সঠিক তদন্ত অনুসারে চোরের দলকে গ্রেফতার
করে। এলাকাবাসীদের চুরির আতঙ্ক থেকে মুক্ত করে। স্থানীয় এলাকাবাসীরা দাবি করেছেন এর
আগেও তাদের এলাকায় এই ধরনের একাধিক চুরির ঘটনা সংঘটিত হয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান