Sunday, August 16, 2026
বাড়ি রাজ্য নতুন প্রজন্ম ক্লাবে এগিয়ে না আসলে সমাজের উন্নয়ন হবে না : মুখ্যমন্ত্রী

নতুন প্রজন্ম ক্লাবে এগিয়ে না আসলে সমাজের উন্নয়ন হবে না : মুখ্যমন্ত্রী

নতুন প্রজন্ম ক্লাবে এগিয়ে না আসলে সমাজের উন্নয়ন হবে না : মুখ্যমন্ত্রী

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ আগস্ট :  ক্লাবের সঙ্গে যুক্ত হচ্ছে না রাজ্যের ছেলেমেয়েরা। যা অত্যন্ত চিন্তার বিষয়। কিন্তু তারা যত ক্লাবের সঙ্গে যুক্ত হবে তত সমাজের উন্নয়ন হবে। রবিবার রাজধানীর ভট্ট পুকুর এলাকা স্থিত নব ঐক্য ক্লাবের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে গিয়ে এই কথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন আগে ভট্ট পুকুরের নাম শুনলে মানুষ ভয় পেত। কিন্তু বর্তমানে সেই আতঙ্ক কেটেছে মানুষের। আগে ক্লাব মানে ছিল অস্ত্রের আস্ফালন। এর থেকে বের হয়ে বিভিন্ন ক্লাব সামাজিক কর্মসূচিতে এগিয়ে আসছে।

ব্যতিক্রমী নয় ভট্টপুকুর এলাকার বিভিন্ন ক্লাব। মুখ্যমন্ত্রী বলেন আগে কোন কমিটি তৈরি করা হলে লাল দুর্গ ঠিক করে দিত। বর্তমানে এই ধরনের নিয়ম পাল্টেছে। মানুষ যাকে চায় সেই নেতৃত্বের স্থানে বসে। মুখ্যমন্ত্রী আরো বলেন যেসব ছেলে মেয়েরা কর্মসূত্রে রাজ্যের বাইরে না গিয়ে ত্রিপুরায় থাকছেন তারা যদি ক্লাবের মধ্যে না আসে তাহলে আগামী দিন সমাজের উন্নয়ন করা সম্ভব হবে না। সমাজের উন্নয়নে একটা বড় ভূমিকা পালন করে ক্লাব। মুখ্যমন্ত্রী বলেন, ক্লাবগুলি চাইলে পারে এলাকার গৃহস্থ হিংসা সহ বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ হ্রাস করতে। তারা সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে। কিন্তু গায়ের জোর দেখানোর সুযোগ নেই।

 মৌখিকভাবে অনেক সমস্যার মীমাংসা করতে পারে এই ক্লাব। তাই ক্লাবগুলিকে সঠিক ভূমিকা পালন করার জন্য আহ্বান জানান তিনি। এদিন সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে স্বাস্থ্য শিবির এবং রক্তদান শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর এবং মন্ডল সভাপতি।

 

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha