Saturday, November 28, 2026
বাড়ি রাজ্য ছাপ্পা ভোটের সন্ত্রাস, উত্তেজনা মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে, জিবি বাজারে সিপিআইএমের সড়ক অবরোধ, নির্বাচন দপ্তর ঘেরাও করে পুনর্নির্বাচনের দাবি কংগ্রেসের, পাল্টা অভিযোগ বিজেপি-র

ছাপ্পা ভোটের সন্ত্রাস, উত্তেজনা মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে, জিবি বাজারে সিপিআইএমের সড়ক অবরোধ, নির্বাচন দপ্তর ঘেরাও করে পুনর্নির্বাচনের দাবি কংগ্রেসের, পাল্টা অভিযোগ বিজেপি-র

ছাপ্পা ভোটের সন্ত্রাস, উত্তেজনা মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে,  জিবি বাজারে সিপিআইএমের সড়ক অবরোধ, নির্বাচন দপ্তর ঘেরাও করে পুনর্নির্বাচনের দাবি কংগ্রেসের, পাল্টা অভিযোগ বিজেপি-র

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।২৭ নভেম্বর : ভোট মানেই গণতন্ত্রের উৎসব। বিগত দিনের মতো সন্ত্রাসের ছায়া না পড়লেও পৌরনিগম নির্বাচন ঘিরে শুক্রবার সকাল থেকে ছিল শহরে প্রকাশ্যে বহিরাগতদের আনাগোনা। গোটা শহরে এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে বহিরাগতরা। তাদের নাম গোত্র কেউ জানে না। কিন্তু বিভিন্ন ভোট কেন্দ্রের বাইরে পুলিশ প্রশাসনের সামনেই মুখে মাস্ক, চোখে চশমা দিয়ে জোড় হয়ে ছিল। নির্বাচনী গাইডলাইন অনুযায়ী ভোট কেন্দ্রের বাইরে জমায়েত নিষিদ্ধ। কিন্তু তারা কারা? তাদের পরিচয় কি?

এই প্রশ্ন ভোট শুরু হওয়ার থেকে শেষ পর্যন্ত ছিল সকলের মনে। শুধু তাই নয় তারা মানুষকে ভোট কেন্দ্রে যেতে বাধা দেয়, বিরোধী দলের পোলিং এজেন্টদের বিভিন্নভাবে হেনস্থা করে ভোটকেন্দ্র থেকে বের করে দেয়। কোন কোন পোলিং এজেন্ট শারীরিকভাবে আক্রান্ত হন। এ ধরনের অভিযোগ সকাল থেকে বিরোধীদের মুখে মুখে শোনা যায়। সকাল বেলা নয়টার সময় রাজধানীর শহরের বুকে মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের সামনে জড়ো হয় বহু বহিরাগত যুবক। যাদের মুখে ছিল কালো মাস্ক। হঠাৎ তারা ভেতরে প্রবেশ করে কংগ্রেসের মহিলা পোলিং এজেন্টকে বিভিন্নভাবে অপমান অপদস্থ করতে শুরু করে। হঠাৎ করে সেখানে কিছু মহিলা এবং যুবক নিয়ে ছুটে যান ৮ নং টাউন বড়দোওয়ালী বিধানসভার কেন্দ্রের যুব মোর্চার সভাপতি তনুজ দাসগুপ্ত। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে দলবল নিয়ে সরাসরি ভোটকেন্দ্রের ভেতরে প্রবেশ করে বিরোধীদলের পুলিং এজেন্টকে অপমান অপদস্থ করে বের করে দেন। যা হিন্দি সিনেমাকে পিছে ফেলে দেবে এমন গুন্ডামি চেহারা ধরায় যুব মোর্চার সভাপতি। বিরোধী দল কংগ্রেসের পোলিং এজেন্ট সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে বলেন, উনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। তিনি কোন ভোটারকে হাত চিহ্নে ভোট দেওয়ার জন্য প্ররোচনা দেননি।

শাসকদলের এমন ভয়-ভীতি থাকলে ভোট হওয়ার দরকার নেই। বিজেপি মনোনীত প্রার্থী রত্না দত্তের লোক এসে ভোটকেন্দ্রের বাইরে গোটমিট করে এই ঘটনা সংগঠিত করেছে বলে অভিযোগ করেন তিনি। এদিকে সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে মাস্ক বাহিনীর দুর্বৃত্তরা সংবাদ মাধ্যমকে হুমকি দেয় ক্যামেরা বন্ধ করার জন্য। তখন এক ঠেঙ্গারে বাহিনীকে আটক করে সাংবাদিকরা। তাকে জিজ্ঞাসা করে এত বড় সাহস কোথা থেকে পেয়েছে? তার নাম কি? বাড়ি কোথায়? অভিযুক্ত দুর্বৃত্ত কোনো জবাব দিতে পারেনি। পরবর্তী সময়ে দাবি করেছে সে নাকি ভোট দিতে এসেছিল। কিন্তু, তার কাছে ছিল না ভোটার আই কার্ড বা কোন নথিপত্র। অন্যদিকে এই বিষয় নিয়ে ভারতীয় জনতা পার্টির প্রদেশ সহ-সভাপতি বিপিন দেববর্মা বলেন, কংগ্রেসের দুই তাবড় নেতা সংঘর্ষ করে এই ঘটনা সংগঠিত করেছে। সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট চলছে বলে জানান তিনি।এদিকে কংগ্রেসের পক্ষ থেকে মনোনীত প্রার্থীরা গিয়ে রাজ্য নির্বাচন দপ্তর ঘেরাও করে বিক্ষোভের শামিল হয়। তাদের অভিযোগ, সকাল থেকে দিকে দিকে বহিরাগতরা ঘোরাফেরা করছে। ভোট কেন্দ্রগুলি তারা দখল করে রেখেছে। এই দুর্বৃত্তরা পাঁচ নং এবং ৮ নং পোলিং এজেন্টকে গলায় ধরে ভোটকেন্দ্র থেকে বের করে দিয়েছে। বিশেষ করে, ৫ নং আসনের এক নং বুটে এবং তেলিয়ামুড়ায় ব্যাপক ছাপ্পা ভোট চলছে। নেশাগ্রস্ত হয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করছে এই যুবকরা। কুমারী টিলায় মুখে কালো কাপড় বেঁধে বসে আছে বহু যুবক। ৬ আগরতলা বিধানসভা কেন্দ্র একইভাবে দখল করার চেষ্টা করছে।



যদি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন হয় তাহলে একটি আসন ও জয়ী হতে পারবে না শাসক দল। শাসক দল লড়াই করতে ভয় পায়। বিড়াল কুকুর শিয়ালের ভূমিকা নিচ্ছে। ৫ নং আসনের দশ নং বুথে গিয়ে হাতেনাতে ছাপ্পা ভোট ধরেছেন বলে দাবি করেন। তাই শান্তিপূর্ণ নির্বাচনের জন্য কমিশনারের কাছে এসেছেন বলে দাবি করেন। পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, রাজ্য নির্বাচন কমিশনারের কাছে পুনরায় ভোট দাবি করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কমিশনার আশ্বস্ত করেছেন বিষয়টি তিনি দেখবেন। এদিকে সকাল থেকে ইন্দ্রনগর স্কুলে ভোট দিতে যেতে পারছিল না ভোটাররা। প্রতিবাদে সিপিআইএম মনোনীত প্রার্থীরা এবং প্রাক্তন সংসদ শংকর প্রসাদ দত্ত জিবি বাজার এলাকায় সড়ক অবরোধ করেন। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে যান জেলা নির্বাচন আধিকারিক ড. বিশাল কুমার। তিনি অভিযোগ শুনতে পেয়ে আশ্বস্ত করেছেন আর চার থেকে পাঁচ ঘন্টা কোনরকম সমস্যার মুখে পড়বে না ভোটাররা। সুষ্ঠুভাবে ভোট কেন্দ্রে যেতে পারবেন গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে। এই আশ্বাস পেয়ে আন্দোলন প্রত্যাহার করেন সিপিআইএম। অপরদিকে ভোট দিতে পারছে না বলে সাধারণ জনগণের হয়ে অভিযোগ করলেন আগরতলা পুর নিগমের ১৯ নং ওয়ার্ডের নির্দল প্রার্থী পূরবী দেববর্মা। তিনি অভিযোগ করেন সুপারি বাগান স্থিত দশরথ দেব ভবনের সামনে কিছু দুর্বৃত্ত বসে আছে। তারা মানুষকে ভোট দিতে যেতে বাধা দিচ্ছে। শুধু তাই নয় নির্দল পুলিং এজেন্ট সহ আরো এক যুবককে বেধড়ক মারধর করে মাস্ক বাহিনী। শেষ পর্যন্ত খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha