স্যন্দন ডিজিটাল ডেস্ক নভেম্বর ২৪ : ডিলিমিটেশন বিলের অঙ্ক মেলাতে এবার ডিএমকে-র সমর্থন পাওয়ার ব্যাপারে অনেকটাই আশাবাদী কেন্দ্র। শুধু তাই নয়, শেষ পর্যন্ত লোকসভায় প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেরিয়ে ১৫ থেকে ১৮ ভোটের ব্যবধানে বিল পাস হয়ে যাবে বলে দাবি করছেন কেন্দ্রের এক শীর্ষ আধিকারিক। সেই লক্ষ্যেই বিরোধী শিবিরের অঙ্ক ভাঙতে তৎপর বিজেপি।
সূত্রের খবর, গত সপ্তাহেই ডিএমকে-র সঙ্গে আলোচনা অনেকটা এগিয়েছে। দলের সাংসদ কানিমোঝি দিল্লিতে বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে গোপন বৈঠক করেছেন বলেও জল্পনা। সরকারি সূত্রের দাবি, মহিলা সংরক্ষণ এবং সীমানা পুনর্বিন্যাস-দুই বিলেই কেন্দ্রকে সহযোগিতা করতে পারে স্ট্যালিনের দল। কংগ্রেসের সঙ্গ ছেড়ে পৃথক অবস্থান নেওয়ার ইঙ্গিতও মিলছে।
সংসদে আসন বিন্যাসের বদল সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে। লোকসভায় রাহুল গান্ধীর পাশে বসেন ডিএমকে-র দলনেতা টি আর বালু। সেই আসন বদলে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পাশে বসতে চেয়ে আবেদন জানিয়েছে ডিএমকে। আগামী অধিবেশনেই এই পরিবর্তন হতে পারে। অন্যদিকে, সুদীপের পাশের আসন থেকে অখিলেশ যাদবকে রাহুলের পাশে বসানোর সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সংসদের আসন বিন্যাসেও বদলে যেতে পারে বিরোধী শিবিরের সমীকরণ।
বর্তমানে ৫৪০ কার্যকর সদস্যের লোকসভায় দুই-তৃতীয়াংশ সমর্থনের জন্য প্রয়োজন ৩৬০টি ভোট। এনডিএ-র হাতে প্রায় ৩২০। ডিএমকে-র ২২ সাংসদের সমর্থন মিললে সেই সংখ্যা দাঁড়াবে ৩৪২। শরদ পাওয়ারের এনসিপি-র সাত সাংসদ পাশে দাঁড়ালে তা আরও বাড়বে। তবু প্রয়োজনীয় সংখ্যা পেরোতে অন্য দলের সমর্থন বা ভোটাভুটিতে বিরোধীদের অনুপস্থিতিও গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতেও কেন্দ্রের শীর্ষ আধিকারিকের ১৫-১৮ ভোটের ব্যবধানে জয়ের দাবি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সরকারের হাতে কি তবে আরও কিছু সমর্থনের হিসাব রয়েছে? প্রশ্ন রাজনৈতিক মহলে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান