স্যন্দন ডিজিটাল ডেস্ক নভেম্বর ২৪ : ভিয়েতনামের রাজধানী হ্যানোইতে খাবারের দোকানে ভয়ংকর বিস্ফোরণ। ওই ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৬ জনের। ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। আশঙ্কা করা হচ্ছে, গ্যাস লিক করে সিলিন্ডার বিস্ফোরণের জেরেই খাবারের দোকানটি বিধ্বস্ত হয়। ভিয়েতনাম প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের তীব্রতায় গোটা দোকানটি দুমড়ে-মুচড়ে গিয়েছে, ভস্মীভূত ভিতরে থাকা অধিকাংশ মালপত্র। উদ্ধারকারীদের আশঙ্কা, ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে রয়েছেন।
হানোই শহরের প্রাণকেন্দ্রে দোকানটি রয়েছে ভিড়ঠাসা দোং দা স্ট্রিটে। মঙ্গলবার সকাল ৮টা নাগাদ ক্রেতা-বিক্রেতাদের ভিড়ের মধ্যেই আচমকা বিস্ফোরণ ঘটে। মূল ভবনটির ব্যাপক ক্ষতি হয়। এমনকী আশেপাশের বাড়িঘরের জানালাগুলিও ভেঙে যায়। রাস্তার ২০ মিটারেরও বেশি অংশ জুড়ে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ১৫ মিটার ব্যাসার্ধের মধ্যে প্রায় ১০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। ভিয়েতনামের জননিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে রান্নার গ্যাস লিক করে সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। যদিও এখনও পর্যন্ত প্রকৃত কারণ জানা যায়নি।
বিস্ফোরণের একটি সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। যা দেখে আতঙ্কিত নেটিজেনরা। শুরুতে স্থানীয় বাসিন্দারা ধ্বংসস্তূপের নিচ থেকে মৃত ও আহতদের উদ্ধার করেন। এরপর ঘটনাস্থলে পৌছায় পুলিশ ও দমকল। উদ্ধারকারীদের আশঙ্কা, ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়েছেন। কারণ বিস্ফোরণের সময় দোকানে ক্রেতার ভিড় ছিল।
হ্যানয় স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, মঙ্গলবারের বিস্ফোরণে ১০ জন আহত হয়েছেন। তাঁদের সবাইকে জরুরি চিকিৎসার জন্য রাজধানীর তিনটি হাসপাতালে—সেন্ট পল জেনারেল হাসপাতাল, ডং দা জেনারেল হাসপাতাল এবং হ্যানয় মেডিকেল ইউনিভার্সিটি হাসপাতাল ভর্তি করা হয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান