স্যন্দন ডিজিটেল ডেস্ক, সেপ্টেম্বর ২৮ : ডুরান্ড লাইনে আফগান-পাকিস্তান সংঘাত উত্তরোত্তর বেড়েই চলেছ। এই আবহেই পাকিস্তান সীমান্ত পেরিয়ে আফগানিস্তানে সন্ত্রাসী হামলার ছক কষেছিল পাক জঙ্গিদের একটি দল। সেই হামলার ষড়যন্ত্র বানচাল করার পাশাপাশি ২৮ জঙ্গিকে খতম করল আফগান বাহিনী। সংঘর্ষে আহত হয়েছেন আরও ৩২ জন। রবিবার আফগানিস্তান প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রকের তরফে জানানো হয়েছে, শনিবার পাকিস্তান সীমান্ত পেরিয়ে একটি সশস্ত্র দল ঢুকে পড়েছিল পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশের কামদেশ জেলায়। এই দলে আইএস জঙ্গিদের পাশাপাশি আফগানিস্তানের আগের সরকারের প্রাক্তন সেনারাও ছিল। পাকিস্তানি মিলিশিয়া এবং গুপ্তচর সংস্থা আইএসআই তাদের প্রশিক্ষণ দিয়ে, সাহায্যের নাম করে পাকিস্তানে নিয়ে গিয়ে আবার নুরিস্তানে পাঠিয়েছে। উদ্দেশ্য ছিল, ভয়ংকর জঙ্গি হামলার। তবে ওই অঞ্চলে অভিযান চালিয়ে ২৮ জন জঙ্গিকে খতম করা হয়েছে। যারা বেঁচে গিয়েছে তারা পাকিস্তানের দিকে পালিয়েছে।
সীমান্ত পেরিয়ে সন্ত্রাসের অভিযোগ উঠলে চেনা অঙ্কেই তা খারিজ করেছে সন্ত্রাসের আঁতুড়ঘর পাকিস্তান। সোশাল মিডিয়ায় পাকিস্তানের তথ্য মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, যে অভিযোগ উঠেছে তা ভিত্তিহীন, হাস্যকর। পাকিস্তানের দাবি, নুরিস্তানের ঘটনায় পাক সেনা বা আইএসআইয়ের কোনও হাত নেই। পাকিস্তান কোনও আফগান সেনাকে প্রশিক্ষণ দেয়নি। আগফানিস্তানের দাবি পুরোপুরি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে তারা।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর আফগানিস্তানে ঢুকে বিমান হামলা চালিয়েছিল পাকিস্তান বায়ুসেনা। পরে ইসলামাবাদ দাবি করে ওই হামলায় ২৮ টিটিপি জঙ্গির মৃত্যু হয়েছে। পালটা কাবুল জানায়, সাধারণ মানুষকে নিশানা করে ওই হামলা চালিয়েছে পাকিস্তান। সেই ডামাডোলের মাঝেই এবার ২৮ পাক জঙ্গিকে খতম করল তালিবান। প্রসঙ্গত, ২০২১ সালে কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই তালিবান সরকারের সঙ্গে পাকিস্তানের বিরোধ চলছে। সাম্প্রতিক অতীতে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়েছিল দুই দেশ। হামলা এবং পালটা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। সন্ত্রাসের অভিযোগ তুলে দফায় দফায় ডুরান্ড লাইন পেরিয়ে আফগানিস্তানে বিমান হামলা চালাচ্ছে পাকিস্তান। পালটা মার দিতেও খামতি রাখছে না কাবুল।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান