Monday, September 28, 2026
বাড়ি জাতীয় স্মৃতিকে ফের সংসদে তুলে আনার পরিকল্পনা গেরুয়া শিবিরের

স্মৃতিকে ফের সংসদে তুলে আনার পরিকল্পনা গেরুয়া শিবিরের

স্মৃতিকে ফের সংসদে তুলে আনার পরিকল্পনা গেরুয়া শিবিরের

স্যন্দন ডিজিটেল ডেস্ক, সেপ্টেম্বর ২৮ :  ২০২৪-এর লোকসভা নির্বাচনে আমেঠি কেন্দ্র থেকে হারের পর সেভাবে আর দেখা যায়নি স্মৃতি ইরানিকে। রাজনীতিতে কার্যত বিস্মৃত হয়ে যাওয়া একদা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতিকে ফের সংসদে তুলে আনার পরিকল্পনা গেরুয়া শিবিরের। শোনা যাচ্ছে, আসন্ন রাজ্যসভা নির্বাচনে উত্তরপ্রদেশ থেকে তাঁকে পাঠানো হতে পারে সংসদে। এমনকী গুঞ্জন শুরু হয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে আবারও মন্ত্রীপদ পেতে পারেন তিনি।


আগামী ১৬ অক্টোবর উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভার ১০টি আসনে হতে চলেছে নির্বাচন। অঙ্কের হিসেবে ১০ আসনের মধ্যে ৮টি আসনই বিজেপির দখলে। বাকি দুটি আসনে এগিয়ে সমাজবাদী পার্টি ও বহুজন সমাজবাদী পার্টি। এই নির্বাচনে প্রার্থী বাছাইয়ের তৎপরতা ইতিমধ্যেই শুরু হয়েছে গেরুয়া শিবিরের অন্দরে। বিজেপি সূত্রের খবর, এই নির্বাচনে একাধিক নতুন মুখ তুলে আনার পরিকল্পনা রয়েছে তাঁদের। সম্ভাব্য সেই তালিকায় রয়েছে স্মৃতি ইরানির নামও। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের কিশোরী লাল শর্মার কাছে হারের পর জাতীয় রাজনীতিতে আর সেভাবে দেখা যায়নি স্মৃতিকে। তবে সম্প্রতি দলে তাঁর গুরুত্ব বাড়ানো হয়েছে। এই পরিস্থিতির মাঝেই শোনা যাচ্ছে, এবার স্মৃতিকে পাঠানো হতে পারে রাজ্যসভায়।


দলে স্মৃতি ইরানির গুরুত্ব যে ক্রমশ বাড়ানো হচ্ছে তার স্পষ্ট ইঙ্গিত মিলেছিল গত কয়েক মাসে। বিজেপির সদ্য প্রকাশিত নতুন কমিটিতে তাঁকে জাতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি সেপ্টেম্বরের শেষ সপ্তাহে হরিয়ানা ও ছত্তিশগড়ের দায়িত্ব দেওয়া হয়েছে স্মৃতি ইরানিকে। অর্থাৎ দলীয় সংগঠনের গুরুত্বপূর্ণ জায়গায় তাঁকে যে সক্রিয় করা হচ্ছে তা একরকম স্পষ্ট। এই অবস্থার মাঝেই এবার শোনা যাচ্ছে, রাজ্যসভায় পাঠানো হতে পারে তাঁকে। সেক্ষেত্রে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর ফের গুরুত্বপূর্ণ মন্ত্রক পাওয়ার বিষয়টিও অস্বাভাবিক নয়।


উল্লেখ্য, ভোটে হারের পর সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিমানের কথা তুলে ধরেছিলেন স্মৃতি ইরানি। তিনি বলেন, রাজনীতির শীর্ষে ওঠার পর একমুহূর্তে সবকিছু হারিয়ে তিনি বেকার হয়ে যান। তাঁর আর কোনও কাজ ছিল না। এই অবস্থায় সিদ্ধান্ত নেন আবার তাঁকে বিনোদন দুনিয়ায় ফিরতে হবে। সেইমতো রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে পা রাখেন বিনোদন দুনিয়ায়। ‘কিউ কি সাস ভি কাভি বহু থি ২’-এর মাধ্যমে ফের টেলিভিশন দুনিয়ায় প্রত্যাবর্তন ঘটে প্রাক্তন মন্ত্রীর। এরইমাঝে ধাপে ধাপে জাতীয় রাজনীতিতে সক্রিয়তা বাড়তে শুরু করল স্মৃতি ইরানির।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha