স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ অক্টোবর : ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত 'শ্যাম সুন্দর কোং জুয়েলার্স' চন্দ্র স্মৃতি 'এ' ডিভিশন ফুটবল লিগ ২০২৬-২৭-এর সুপার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে চমৎকার জয় তুলে নিয়েছে কল্যাণ সমিতি। সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচে কল্যাণ সমিতি ৪-২ গোলের ব্যবধানে লাল বাহাদুর ব্যায়ামাগারকে পরাজিত করে দুর্দান্ত জয় ছিনিয়ে নেয়।
খেলায় কল্যাণ সমিতির হয়ে ওয়াই মণি সিংহ ৬ মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন। এরপর গাইশুংমেই কামেই (৪৬ ও ৮৩ মিনিট) জোড়া গোল করেন এবং এম.ডি. এজাজ আহমেদ ৬০ মিনিটে দলের পক্ষে অপর গোলটি নিশ্চিত করেন। অন্যদিকে লাল বাহাদুর ব্যায়ামাগারের পক্ষে ললম সাঙ্গা (৫১ মিনিট) এবং ভক্তি পদ জমাতিয়া (৯০+১ মিনিট) দুটি গোল করে ব্যবধান কমানোর চেষ্টা করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।
চলতি সুপার লিগে কল্যাণ সমিতির এটি টানা দ্বিতীয় জয়। এর আগে নিজেদের প্রথম ম্যাচে তারা ২-০ গোলের ব্যবধানে ব্লাড মাউথ ক্লাবকে পরাজিত করেছিল। এই জয়ের ফলে সুপার লিগে নিজেদের অবস্থান আরও শক্ত করল কল্যাণ সমিতি। দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবল খেলে দল টানা দুই ম্যাচ জিতে শিরোপা জয়ের দৌড়ে শক্তভাবে নিজেদের টিকিয়ে রেখেছে।
সুপার লিগের এই ফলাফলের পর আগামী ৮ অক্টোবরের ম্যাচটি ভার্চুয়াল 'ফাইনাল' খেলায় রূপান্তরিত হয়েছে, যেখানে মুখোমুখি হবে এগিয়ে চলো সংঘ ও কল্যাণ সমিতি। বর্তমানে উভয় দলই দুটি করে ম্যাচ জিতে সমান পয়েন্টে অবস্থান করছে, তবে ভালো গোল ব্যবধানের নিরিখে এগিয়ে চলো সংঘ টেবিলের এক ধাপ শীর্ষে রয়েছে। ফলে পরবর্তী ম্যাচটি ড্র হলেই এগিয়ে চলো সংঘ চ্যাম্পিয়ন ট্রফি নিজের নামে করবে। অপরদিকে, রাখাল শিল্ড ট্রফিজয়ী কল্যাণ সমিতিকে মরশুমের দ্বিমুকুট অর্জন করতে হলে আসন্ন এই নির্ধারণী ম্যাচে জয় ভিন্ন অন্য কোনো পথ নেই।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান