স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ অক্টোবর :ভিসি নির্বাচনকে কেন্দ্র করে গত ২৮ সেপ্টেম্বর উদয়পুর মহকুমার মহারানী ওয়ারেংবাড়ি এলাকায় গুলিচালনার ঘটনায় মধ্যরাতে বিশালগড়ের রঘুনাথপুর এলাকা থেকে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গেছে, নির্বাচনের দিন ওয়ারেংবাড়ি এলাকায় গুলিচালনার ঘটনা ঘটে। ঘটনার পর আর.কে.পুর থানায় মামলা দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের অগ্রগতিতে বেশ কিছু নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে ঘটনায় জড়িত একটি গ্রুপের দুই সদস্যকে শনাক্ত করা হয়। এরপর সিপাহীজলা জেলা পুলিশের সহযোগিতায় আর.কে.পুর থানার পুলিশ অভিযান চালিয়ে রঘুনাথপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধর জানান, ২৮ সেপ্টেম্বরের গুলিচালনার ঘটনায় আর.কে.পুর থানায় মামলা রুজু হয়েছিল। সেই মামলার তদন্তে পাওয়া বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে জড়িত গ্রুপের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। যৌথ অভিযানের পর বৃহস্পতিবার তাদের আদালতে পেশ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, তদন্তের স্বার্থে ধৃতদের পুলিশ রিমান্ডে নেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানানো হয়েছে। একইসঙ্গে ঘটনার সঙ্গে আরও কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী সময়ে আরও গ্রেপ্তার হতে পারে বলে পুলিশ জানিয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান