Friday, November 6, 2026
বাড়ি রাজ্য বিএসএফ জওয়ানের উপর আক্রমণের ঘটনায় ধৃত ৮, ৮ আট দিনের জেল হেপাজতের নির্দেশ আদালতের

বিএসএফ জওয়ানের উপর আক্রমণের ঘটনায় ধৃত ৮, ৮ আট দিনের জেল হেপাজতের নির্দেশ আদালতের

বিএসএফ জওয়ানের উপর আক্রমণের ঘটনায় ধৃত ৮, ৮ আট দিনের জেল হেপাজতের নির্দেশ আদালতের

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ নভেম্বর : গত ২ নভেম্বর বিএসএফ'র উপর হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ৮ জন। জানা যায়, কলমচৌড়া থানা এলাকার অধিন সীমান্ত এলাকা দিয়ে প্রায় সময় পাচারকারিরা পাচার বাণিজ্য করে থাকে। বিএসএফ এই পাচারকারীদের আটক করার জন্য প্রতিনিয়ত সজাগ দৃষ্টি রেখে চলছে। সোমবার ঘটনার সূত্রপাত হয় পাচারকারি সন্দেহে এক যুবককে আটক করাকে কেন্দ্র করে। পাচারকারি সন্দেহে সোমবার বিএসএফ জওয়ানরা এলাকার এক যুবককে আটক করে মারধর করে বলে অভিযোগ। এই ঘটনার পর এলাকার লোকজন উত্তেজিত হয়ে রহিমপুর-বক্সনগর সড়ক অবরোধ করে। সেই সময় ঐ রাস্তা দিয়ে যাচ্ছিল বিএসএফ-এর একটি গাড়ি। উত্তেজিত এলাকাবাসী বিএসএফ-এর গাড়ি প্রত্যক্ষ করে হামলা চালায় গাড়ির উপর।

তারপর গাড়ি থেকে নামিয়ে তিন বিএফএফ জওয়ানকে রাস্তায় ফেলে বেধড়ক ভাবে মারধর করা হয়। এতে গুরুতর ভাবে আহত হয় তিন বিএসএফ জওয়ান। ঘটনার খবর পেয়ে সিপাহীজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সহ বিএসএফ-এর উর্ধ্বতন আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে যান। আহত বিএসএফ জওয়ানদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে এলাকার পরিবেশ স্বাভাবিক হয়। রাতেই ঘটনাস্থল পরিদর্শনে যান জেলা পুলিশ সুপার বিজয় দেববর্মা। ঘটনার সময়ের ভিডিও ফুটেজ খতিয়ে দেখে প্রাথমিক ভাবে ১৯ জনকে শনাক্ত করে পুলিশ। ঘটনার দিন রাতেই বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার তাদেরকে আদালতে সোপর্দ করে পুলিশ। পরবর্তী সময় পুলিশ বৃহস্পতিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই ঘটনার সাথে যুক্ত আরও ৮ অভিযুক্তকে গ্রেপ্তার করে। শুক্রবার ধৃতদের সোনামুড়া জেলা ও দায়রা আদালতে সোপর্দ করে পুলিশ। আইজি আইন-শৃঙ্খলা জানান ধৃত ৮ জনকে পুলিশ হেপাজতের আর্জি জানিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে আদালতে ধৃত ৮ জনের পুলিশ হেপাজতের আবেদন জানানো হলেও আদালত তাদেরকে ৮ দিনের জেল হেপাজতের নির্দেশ দেয় বলে জানান সরকারি আইনজীবী গৌতম গিরি।

তিনি আরও জানান আদালত মামলার তদন্তকারি অফিসারকে নির্দেশ দিয়েছে তিনি চাইলে অভিযুক্তদের জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবেন। এইদিন ধৃতদের মধ্যে বেশ কয়েকজনের পরিবারের লোকজন সকাল হতেই কলমচৌরা থানায় ছুটে যান। তাদের দাবি তাদের পরিবারের লোকজন নির্দোষ। বিনা অপরাধে তাদের পরিবারের লোকজনদের আটক করে নিয়ে এসেছে পুলিশ। তারা এইদিন থানা চত্বরে কান্নায় ভেঙ্গে পড়ে। পরিস্থিতি যে কোন সময় নিয়ন্ত্রনের বাইরে চলে যেতে পারে এইটা অনুমান করে আগে থেকে থানা চত্বরে বিশাল আরক্ষা বাহিনী মোতায়েন করা হয়। এবং কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে ধৃতদের আদালতে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত মোট ১৮ জনকে গ্রেপ্তার করেছে। বাকিদেরকেও গ্রেপ্তারের প্রয়াস চালিয়ে যাচ্ছে পুলিশ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha