Tuesday, September 29, 2026
বাড়ি খেলা নীরজের অভাব উধাও! জ্যাভলিনে এশিয়াডে জোড়া পদক, নজরকাড়া সাফল্য অ্যাথলেটিক্সে

নীরজের অভাব উধাও! জ্যাভলিনে এশিয়াডে জোড়া পদক, নজরকাড়া সাফল্য অ্যাথলেটিক্সে

নীরজের অভাব উধাও! জ্যাভলিনে এশিয়াডে জোড়া পদক, নজরকাড়া সাফল্য অ্যাথলেটিক্সে

স্যন্দন ডিজিটেল ডেস্ক, সেপ্টেম্বর ২৯  : গত ৬ বছর ধরে ভারতীয় অ্যাথলেটিক্সের পোস্টার বয় নীরজ চোপড়া। কিন্তু চোট সমস্যায় চলতি এশিয়ান গেমসে  নামতে পারেননি ভারতের সোনার ছেলে। যদিও সেই অভাব বোধ করতে দিলেন না ভারতের জ্যাভলিন থ্র্রোয়াররা। নীরজকে আদর্শ মেনে জ্যাভলিনে আসা রোহিত যাদব-যশবীর সিংরা জায়গা করে নিলেন পোডিয়ামে। এশিয়াডে জ্যাভলিন থ্রোয়ে ভারতের ঝুলিতে এল জোড়া পদক।


এশিয়াডের নবম দিনে ভারতের শুরুটা হয়েছিল একরাশ হতাশা দিয়ে। অলিম্পিকে জোড়া পদকজয়ী মনু ভাকের ভয়ানক ভুল করে মহিলাদের ২৫ মিটার পিস্তলের দলগত ইভেন্টে পদক হাতছাড়া করে ভারত। তবে ২৫ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত বিভাগে দারুণ পারফর্ম করেন এষা সিং। একাধিকবার শুটআউটে গিয়ে শেষ পর্যন্ত অল্পের জন্য সোনা হাতছাড়া হয় তাঁর। শুটিংয়ে এই একটামাত্র পদকই এল নবম দিনে।


তবে নবম দিনে নজরকাড়া সাফল্য এল অ্যাথলেটিক্সে। শুরুটা হল মহিলাদের ৪০০ মিটার হার্ডলসে। ভারতীয় কিংবদন্তি পিটি উষার ৪২ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়ে ব্রোঞ্জ জিতলেন ভিথ্যা রামরাজ। নিজের কেরিয়ারের সেরা সময়, ৫৪.৭৫ সেকেন্ডে তিনি জিতে নিলেন পদক। চলতি এশিয়াডে এটা তাঁর দ্বিতীয় পদক। ৪০০ মিটার মিক্সড রিলেতে রুপোজয়ী ভারতীয় দলে ছিলেন ভিথ্যা। নিজের সেরা পারফরম্যান্স করে গুলবীর সিং রুপো জিতলেন পুরুষদের ১৫০০ মিটার দৌড়ে। এশিয়াডে এটাও তাঁর দ্বিতীয় পদক।


মহিলাদের ৫০০০ মিটারে ব্রোঞ্জ পেলেন পারুল চৌধুরী। গতকালই ৩০০০ মিটার স্টিপলচেজে ব্রোঞ্জ পেয়েছেন তিনি। প্রতিযোগিতা চলাকালীন চোট পেলেও লংজাম্পে রুপো পেলেন মুরলী শ্রীশংকর। চোটের কারণে শেষ দু’টি লাফ দিতে পারেননি তিনি। দিনের সেরা সাফল্যটা অবশ্য এল জ্যাভলিন থ্রোয়ে। ফাইনালে উঠেছিলেন দুই ভারতীয়। পদক পেলেন দু’জনেই। নিজের সেরা ৮৫.৭২ মিটার ছুড়ে রুপো পেলেন যশবীর। ৮৪.৩৫ মিটার ছুড়ে রোহিত পেলেন ব্রোঞ্জ। বক্সিংয়ে ইতিমধ্যেই ৬টি পদক নিশ্চিত করে ফেলেছে ভারত। ৪০০ মিটার পুরুষদের রিলে এবং ১০০ মিটার মিক্সড রিলের ফাইনালেও উঠে গিয়েছে ভারতীয় দল। নবম দিনের শেষে ভারতের ঝুলিতে এল মোট ৪৫টি পদক।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha