Tuesday, September 29, 2026
বাড়ি খেলা শুটিংয়ে ফের লক্ষ্যভেদ, ভারতে এল এশিয়াডের পঞ্চম সোনা, পদক সংখ্যায় হাফসেঞ্চুরি!

শুটিংয়ে ফের লক্ষ্যভেদ, ভারতে এল এশিয়াডের পঞ্চম সোনা, পদক সংখ্যায় হাফসেঞ্চুরি!

শুটিংয়ে ফের লক্ষ্যভেদ, ভারতে এল এশিয়াডের পঞ্চম সোনা, পদক সংখ্যায় হাফসেঞ্চুরি!

স্যন্দন ডিজিটেল ডেস্ক, সেপ্টেম্বর ২৯  : শুটিংয়ে বারবার একটুর জন্য হাতছাড়া হয়েছে সোনা। সামান্য পয়েন্টের ব্যবধান, শেষ মুহূর্তে এসে ক্ষণিকের ভুল-স্বর্ণপদক অধরা থেকে গিয়েছে। কিন্তু নীরু ধান্ধা মঙ্গলবার এতটুকু ভুল করলেন না। প্রতিযোগিতার শুরু থেকে শেষ পর্যন্ত মাথা ঠাণ্ডা রেখে একের পর এক শট মারলেন টার্গেটে। শেষ পর্যন্ত ভারতকে এনে দিলেন সোনা। এবারের এশিয়াডে  পঞ্চম সোনা এল মহিলাদের ট্র্যাপ শুটিংয়ে। 


এশিয়াডের দশম দিনের শুরুতেই সোনা জয়ের হাতছানি ছিল নীরুর সামনে। মহিলাদের ট্র্যাপ শুটিংয়ে দলগত বিভাগে নেমেছিলেন নীরু। সঙ্গী অসীমা অহলাওয়াত এবং মনীষা কির। কিন্তু আবারও ফাইনালে গিয়ে চিনের কাছে হার। রুপো নিয়ে সন্তুষ্ট থাকতে হয় ভারতীয় ব্রিগেডকে। তবে ব্যক্তিগত বিভাগের ফাইনালে উঠে আর এতটুকু ভুলচুক হয়নি নীরুর। আগাগোড়া নিজের আধিপত্য ধরে রেখেছিলেন। শেষ রাউন্ডে গিয়ে চিনা শুটার সুন ইউনংকে দুই পয়েন্টের ব্যবধানে হারিয়ে দিলেন নীরু। একই দিনে জোড়া পদক ঝুলল তাঁর গলায়।


বক্সিংয়েও সাফল্য এসেছে ইতিমধ্যেই। মহিলাদের ৬৫ কেজি বিভাগে ফাইনালে উঠেছেন পারভিন হুডা। অর্থাৎ তাঁর রুপো নিশ্চিত। অন্যদিকে পুরুষদের ৮০ কেজি বিভাগে পিছিয়ে পড়েও দারুণ কামব্যাক অঙ্কুশ পাঙ্ঘালের। প্রথম রাউন্ডে ১-৪ পিছিয়ে পড়েছিলেন। ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় রাউন্ড জিতে নেন ৩-২। নির্ণায়ক রাউন্ডে গিয়ে ফাজলিদ্দিন এরকিন বোয়েভকে ৫-০ উড়িয়ে দিয়ে ফাইনালে উঠলেন অঙ্কুশ। রুপো নিশ্চিত ভারতের। সেমিফাইনালে হারলেও ৯০ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছেন নরেন্দ্র বারওয়াল। 


পদক তালিকা বলছে, ১০ দিনে ভারতের ঘরে এসেছে ৪৭টি পদক। পাঁচটি সোনার পাশাপাশি ২১টি রুপো এবং ২১টি ব্রোঞ্জ জিতেছেন ভারতীয় অ্যাথলিটরা। তবে বক্সাররা ইতিমধ্যেই রুপো-ব্রোঞ্জ নিয়ে মোট ৬টি পদক নিশ্চিত করে ফেলেছেন। ফলে খাতায়কলমে না হলেও, বাস্তবে পদকের হাফসেঞ্চুরি করে ফেলেছে ভারত। এখনও ক্রিকেট, হকি, অ্যাথলেটিক্স, তিরন্দাজির মতো বেশ কিছু ইভেন্ট রয়েছে যেখান থেকে ভারতের ঝুলিতে পদক আসতে পারে। গতবারের এশিয়ান গেমসে ভারত ১০৬টি পদক পেয়েছিল। এবার ক’টা পদক আসবে ভারতের ঘরে?


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha