স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ সেপ্টেম্বর : প্রদেশ বিজেপির পক্ষ
থেকে মঙ্গলবার সন্ধ্যা একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়, মাতাবাড়ি ব্লকের গামারিয়া গ্রামের
অন্তর্গত ওয়ারাংবাড়ি এস.বি স্কুলের ভোট কেন্দ্রে সোমবার ভোট গ্রহণকে কেন্দ্র করে গুরুতর
অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে ভোটগ্রহণের পরিবেশ সম্পূর্ণ অবাধ ও নিরপেক্ষ ছিল
না। তিপ্রা মথা দলের সমর্থকরা ভোট কেন্দ্র দখল করে ভোট প্রক্রিয়াকে কলুষিত করেছে।
পাশাপাশি,
সাধারণ ভোটারদের ভোট কেন্দ্রে প্রবেশে বাঁধা দেওয়ার মত গুরুতর অভিযোগও উঠেছে। ভোটগ্রহণের
সময় উদ্ভূত এই পরিস্থিতির কারণে বহু ভোটার তাঁদের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার
স্বাধীনভাবে, অবাধে এবং নির্ভয়ে প্রয়োগ করতে পারেননি। ফলে সংশ্লিষ্ট ভোট কেন্দ্রে অনুষ্ঠিত
ভোট গ্রহণের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে, যা সুস্থ গণতান্ত্রিক
ব্যবস্থার পক্ষে কাম্য নয়। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে, এর বিহিত চেয়ে রাজ্য নির্বাচন
কমিশনারের কাছে প্রদেশ বিজেপির পক্ষ থেকে লিখিত আবেদন জানানো হয়েছে।
আবেদনে সংশ্লিষ্ট
ভোট কেন্দ্রে অনুষ্ঠিত ভোটগ্রহণের বিষয়টি গুরুত্ব সহকারে পর্যালোচনা করে পুনঃনির্বাচনের
ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে। ভারতীয় জনতা পার্টি মনে করে, একটি অবাধ, সুষ্ঠু ও
নিরপেক্ষ নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম প্রধান ভিত্তি। তাই ভোটগ্রহণকে ঘিরে
ওঠা অভিযোগগুলির যথাযথ যাচাই ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত পরিস্থিতি নির্ধারণ
করা জরুরি। একই সঙ্গে নির্বাচনী প্রক্রিয়ার প্রতি সাধারণ মানুষের আস্থা অক্ষুণ্ণ রাখতে
আইন ও নির্বাচনী বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়েছে। আশা
করা হচ্ছে যে, রাজ্য নির্বাচন কমিশন অভিযোগগুলিকে গুরুত্বের সাথে বিবেচনা করে এবং প্রযোজ্য
আইন ও নির্বাচনী বিধি অনুসারে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান