Monday, September 28, 2026
বাড়ি খেলা বিশ্বকাপই তাঁর শেষ টিম ইন্ডিয়ার জার্সিতে কোহলিকে দেখা যাবে না

বিশ্বকাপই তাঁর শেষ টিম ইন্ডিয়ার জার্সিতে কোহলিকে দেখা যাবে না

বিশ্বকাপই তাঁর শেষ টিম ইন্ডিয়ার জার্সিতে কোহলিকে দেখা যাবে না

স্যন্দন ডিজিটেল ডেস্ক, সেপ্টেম্বর ২৮ :  কোহলি আছেন কোহলিতেই। ফের অভ্যাসমতো সেঞ্চুরি করলেন ‘কিং’। ওয়ানডেতে হল ৫৫টি। সব মিলিয়ে আন্তর্জাতিক সেঞ্চুরি ৮৬। ১০০ সেঞ্চুরির নজির থেকে আর মাত্র ১৪টি দূরে। যে নজির আছে শুধু শচীন তেণ্ডুলকরের। দিনকয়েক আগে বিরাট কোহলি ঘোষণা করেছেন, আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপই তাঁর শেষ। তাহলে কি সেঞ্চুরির সেঞ্চুরি করতে পারবেন? হাতে আর ক’টা ওয়ানডে পাবেন? রইল খতিয়ান।


২০২৭-র অক্টোবর-নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ। অর্থাৎ হাতে আর ঠিক একবছর সময়। টেস্ট বা টি-টোয়েন্টি খেলেন না। সদ্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেঞ্চুরি করেছেন। এরপর এই সিরিজে আরও দু’টি ওয়ানডে আছে। এরপর ১-১৫ নভেম্বরের মধ্যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি ওয়ানডে। কিউয়িদের দেশে কোহলি ১৩টি ওয়ানডে খেলে ৫৯৬ রান করেছেন। তার মধ্যে একটি সেঞ্চুরি আছে।


ডিসেম্বরে দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি ওয়ানডে। এরপর জানুয়ারিতে জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ওয়ানডের সিরিজ। এখনও পর্যন্ত ভারতের এই সূচিগুলি ঘোষিত। অর্থাৎ জানুয়ারি পর্যন্ত আর ১৩টি ম্যাচ আছে। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ও তারপর আইপিএল। যা চলবে মোটামুটি মে পর্যন্ত। সেই সময় টিম ইন্ডিয়ার জার্সিতে কোহলিকে দেখা যাবে না। জুন-জুলাই থেকে ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপ। সেখানে ফাইনাল পর্যন্ত উঠলে ৬টি ম্যাচ পাওয়া যাবে।


সব মিলিয়ে ১৯টি ম্যাচ। ওয়ানডে বিশ্বকাপের আগে তখন মাস তিনেক থাকবে। তার মধ্যে বিসিসিআই আরও ওয়ানডে সিরিজ আয়োজন করতে পারে। তারপর বিশ্বকাপে ভারত অন্তত ১০টি ম্যাচ পাবে। সব মিলিয়ে প্রায় ২৫-৩০টি ম্যাচ। চোট-আঘাতের সমস্যা না থাকলে কোহলি হয়তো আরও বেশি ম্যাচ পাবেন। গত ১০ ম্যাচে কোহলির সেঞ্চুরি সংখ্যা ৪। এবার লক্ষ্য আর ১৪টি সেঞ্চুরি। তাহলে কি স্বপ্ন দেখতেই পারেন কোহলি-ভক্তরা?


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha