স্যন্দন
ডিজিটাল
ডেস্ক,
আগরতলা।
৬ আগস্ট:ধর্মনগর জেলা হাসপাতালে
এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনার সৃষ্টি হয়। মৃতের পরিবারের সূত্রে
জানা যায়, বটরশি এলাকার ৫৫ বছর বয়সি জালাল উদ্দিনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনার
পর কর্তব্যরত চিকিৎসক ইসিজি করার পরামর্শ দেন। কিন্তু প্রথম ইসিজি মেশিনটি কাজ না করায়
অন্য মেশিন নিয়ে আসতে বিলম্ব হয়। পরিবারের দাবি এবং অভিযোগ এই বিলম্বের কারণে রোগীর
মৃত্যু হয়েছে।
এটা চিকিৎসায়
গাফিলতির ফল। অন্যদিকে, কর্তব্যরত চিকিৎসক ডা. সৌমেলি নাথ অভিযোগ অস্বীকার করে জানান,
হাসপাতালে আনার আগেই রোগীর মৃত্যু হয়েছিল।
নিয়ম মেনেই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে ইসিজি
করার নির্দেশ দেওয়া হয়। তাঁর দাবি, যে মেশিনটি বিকল বলে অভিযোগ করা হচ্ছে, সেটি দিয়েই
কিছুক্ষণ আগে অন্য এক রোগীর ইসিজি করা হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, মৃতের কয়েকজন
আত্মীয় তাঁকে হেনস্থার চেষ্টা করেন। পরে পরিবারের সদস্যরা ধর্মনগর থানায় চিকিৎসকের
বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে,
অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হবে। তদন্তের পরই রোগীর মৃত্যুর প্রকৃত কারণ
এবং চিকিৎসায় কোনও গাফিলতি ছিল কিনা, তা স্পষ্ট হবে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান