স্যন্দন ডিজিটাল ডেস্ক: আগরতলা। ২০ আগস্ট : জিরো টলারেন্স মহিলা পেটানোর অভিযোগে সরাসরি নাম জড়িয়ে পড়েছিল শুকতারা সংঘ ক্লাবের বানর সেনাদের। এবং এই বানর সেনারা প্রদেশ বিজেপির সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্যের বলে দাবি করেছিলেন মহিলারা। মঙ্গলবার এই অভিযোগ ওঠার পর বুধবার সরাসরি সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে আসলেন বিজেপির সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য। তিনি ক্লাব প্রাঙ্গনে সাংবাদিক সম্মেলন করে পাল্টা অভিযোগ তুলেন পার্শ্ববর্তী এলাকার বিরুদ্ধে।
আপনজন ক্লাবের অন্তর্গত শীতলা বাড়ি এলাকা নিয়ে তিনি রীতিমতো আঙ্গুল তুলেছেন। তিনি বলেন, ক্লাব এলাকায় শীতলাবাড়ি কালভাট সংলগ্নে প্রতিদিন সন্ধ্যার পর থেকে অসামাজিক কার্যকলাপ সংঘটিত হয়। স্থানীয় কিছু ব্যক্তি এ ধরনের অসামাজিক কার্যকলাপে জড়িত। বিশেষ করে তারা ড্রাগস বিক্রির সঙ্গে জড়িত বলে দাবি করেন তিনি। তিনি বলেন মনসা পূজার দিন রাতের বেলা শুকতারা এলাকার শুভঙ্কর নামে এক যুবক অটো নিয়ে বাড়ি ফেরার সময় শীতলাবাড়ির সামনে কিছু যুবক তাকে আটক করে। তার কাছে টাকা দাবি করে। টাকা না দেওয়ায় তাকে মারধর করে আটকে রাখে। পরবর্তী সময় শুভঙ্করের ভাই কয়েকজন যুবককে নিয়ে শীতলাবাড়ি এলাকায় যায়। তখন শুকতারা এলাকার যুবকদের বেধড়ক মারধর করে দুর্বৃত্তরা।
তারপর ৪৮ ঘন্টা পরে মিথ্যা অভিযোগ সংবাদমাধ্যমের কাছে তুলে ধরেছে এলাকায় মহিলা, পুরুষ। সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন অভিযোগ তুলে সংবাদ পরিবেশন করার জন্য তারা চেষ্টা করেছে। তিনি আরো বলেন, ক্লাব এবংউনাকে ব্যক্তিগতভাবে কালিমা লিপ্ত করার জন্য এ ধরনের চেষ্টা করা হয়েছে। এর তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন আগেই আপনজন ক্লাবের সম্পাদক দীপক পালকে এ বিষয়ে অবগত করা হয়েছিল। দীপক পাল এলাকার অসামাজিক কার্যকলাপ রুখতে কোন রকম ব্যবস্থা নেননি। যার কারণে আজকে এই ঘটনা সংঘটিত হয়েছে। আগামী দিন এর বিরুদ্ধে গোটা সমাজ ঐক্যবদ্ধভাবে লড়বে বলে জানান। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন শুকতারা সংঘ ক্লাবে আগে গরু ঘুমাতো। গত কয়েক বছরে আকাশ ছোঁয়া বিল্ডিং হয়েছে! তবে প্রশ্ন হলো তিনি জননেতা হয়ে কেন এ ধরনের অসামাজিক কার্যকলাপ রুখতে পুলিশ দিয়ে বিগত দিনে কোনরকম ব্যবস্থা গ্রহণ করে নি? শুধু তাই নয় ঘটনার পর পাল্টা মামলা হয়েছে বলে খবর রয়েছে এ.ডি নগর থানায়। অথচ পুলিশ কাউকে গ্রেপ্তার করেছে বলে এখন পর্যন্ত খবর নেই সংবাদমাধ্যমের কাছে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন ক্লাব ঘরে উপস্থিত ছিলেন উনার অনুগামীরা। যাইহোক কেঁচো খুঁড়তে গিয়ে বের হয়ে আসলো সাপ। রাজধানীর আপনজন ক্লাব এলাকায়ও জাঁকিয়ে বসেছে নেশা। চলছে অসামাজিক কার্যকলাপ। সরাসরি এই অভিযোগ বিজেপি নেতা অসীম বাবুর।

